যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে নৈশভোজের অনুষ্ঠানে ঘটে যাওয়া গুলিবর্ষণের ঘটনার সঙ্গে ইরানের কোনো সংশ্লিষ্টতা নেই বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ ঘটনায় তদন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এ হামলাকে অত্যন্ত গুরুতর হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, শিগগিরই এ ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হবে।
ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক ক্যাশ প্যাটেল বলেন, তদন্তকারীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করা অস্ত্রগুলো পরীক্ষা করে দেখছেন। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের জবানবন্দিও নেওয়া হচ্ছে।
ওয়াশিংটনের পুলিশপ্রধান জেফরি ক্যারল জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারীর কাছে একাধিক অস্ত্র ছিল। তবে এখন পর্যন্ত এ ঘটনায় আর কোনো সন্দেহভাজনের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি।
উল্লেখ্য, শনিবার (২৬ এপ্রিল) ওয়াশিংটনে একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে নৈশভোজ অনুষ্ঠান চলাকালে হঠাৎ গুলিবর্ষণের ঘটনা ঘটে। পরে জরুরি ভিত্তিতে সেখানে উপস্থিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে দ্রুত মঞ্চ থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ ট্রাম্প প্রশাসনের মন্ত্রিসভার একাধিক সদস্য। ঘটনার পর তাদেরকেও দ্রুত অনুষ্ঠানস্থল থেকে বের করে নেওয়া হয়।