Saturday 25 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. আব্দুল কুদ্দুস মারা গেছেন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৬ ১৭:৪৪

ডা. মো. আব্দুল কুদ্দুস।

ঢাকা: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) চক্ষু বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক, চিকিৎসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুস আর নেই।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি জানিয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (২৫ এপ্রিল) বাদ আসর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রোববার (২৬ এপ্রিল) বাদ জোহর ময়মনসিংহের গফরগাঁওয়ে তার নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুস কেবল একজন চিকিৎসকই ছিলেন না, তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। পেশাগত জীবনে তিনি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক এবং প্রাক্তন ডেপুটি সুপারিনটেনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক জীবনে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি হিসেবে অত্যন্ত সক্রিয় ছিলেন।

প্রবীণ এই নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

পৃথক শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। তারা বলেন, চিকিৎসা ও রাজনীতি উভয় ক্ষেত্রেই অধ্যাপক কুদ্দুসের অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর