ঢাকা: রাজধানীর কমলাপুর স্টেশনে চলন্ত ট্রেন উঠতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে আসমা ভূঁইয়া (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।
শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে কমলাপুর স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া ৮টার দিকে ওই নারীকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে মৃত নারীর স্বামী আব্দুল মমিন ভুইয়া বলেন, সকালে মেয়ের শশুর বাড়ি নারায়ণগঞ্জে যাওয়ার উদ্দেশে বিমানবন্দর থেকে ট্রেনযোগে কমলাপুর স্টেশনে আসি। সেখান থেকে অন্য একটি ট্রেনে করে নারায়নগঞ্জে যাবো। ট্রেনটি ছেড়ে দিচ্ছিলো, তখন তাড়াহুড়া করে উঠতে গিয়ে পা পিছলে প্ল্যাটফর্ম থেকে নিচে পড়ে ট্রেনে কাটা পড়ে তার স্ত্রী। এরপর তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ পরিদর্শক (এসআই) আবু হানিফ জানান, সকালে কমলাপুর স্টেশনে ট্রেনে উঠতে গিয়ে কাটা পড়ে এক নারী মারা গেছেন। তবে পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্ত করা হয়েছে।