Saturday 25 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা আজ

ঢাবি করেস্পন্ডেন্ট
২৫ এপ্রিল ২০২৬ ১২:২৯

ঢাবি: জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আজ শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হবে। এ দিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের বিভাগীয় ও জেলা শহরের নির্বাচিত ১৩৮টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন বলে জানা গেছে। সেই হিসেবে আসন প্রতি লড়ছেন প্রায় ২ জন শিক্ষার্থী।

এর আগে, শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এ বছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ৪ লাখ ৭৫ হাজার ৪৩২ জন শিক্ষার্থী প্রাথমিক আবেদন করেছিলেন। যার মধ্যে আবেদন করেছেন ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন। এছাড়াও ২৩ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রবেশপত্র ইস্যু করা হয়েছে মোট ৪ লাখ ৩৩ হাজার ৫১৯ জন পরীক্ষার্থী।

বিজ্ঞাপন

উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, এই পরীক্ষায় সারাদেশে মোট ৮৮০টি কলেজে (৩৭৫টি সরকারি ও ৫০৫টি বেসরকারি) ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি আসনের বিপরীতে এই ভর্তি যুদ্ধ অনুষ্ঠিত হবে। সরকারি কলেজগুলোর ২ লাখ ৭০ হাজার ৫২০টি আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ৩ লাখ ৯৪ হাজার ২২৯ জন এবং বেসরকারি কলেজের ১ লাখ ৮২ লাখ ৩৫৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৫৮ হাজার ১১৯ জন শিক্ষার্থী।

সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সারাদেশে মোট ১৩৮টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে, যার মধ্যে ঢাকা মহানগরে ১৮টি, ঢাকা বিভাগে ২৭টি, চট্টগ্রামে ২৩টি, খুলনায় ১৮টি, রাজশাহীতে ১৭টি, রংপুরে ১৩টি, বরিশালে ১০টি, সিলেটে ৯টি এবং ময়মনসিংহে ৩টি কেন্দ্র রয়েছে।

নির্দেশাবলী:
১) ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে এফোর (A4) সাইজের অফসেট কাগজে প্রিন্ট করতে হবে। প্রবেশপত্রের প্রিন্ট কপিতে পরীক্ষার্থীকে সই করতে হবে।
২) অনলাইনে আবেদন করার সময় আপলোডকৃত ছবি চূড়ান্ত বলে গণ্য হবে। উক্ত ছবিতে কোন প্রকার টেম্পারিং করা হলে ঐ পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে না।
৩) পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত ৩ (তিন) দিন আগেই প্রবেশপত্রে উল্লিখিত পরীক্ষা কেন্দ্রে সরাসরি গিয়ে বা সংশ্লিষ্ট কলেজ কেন্দ্রের ওয়েব সাইট থেকে আসন বিন্যাস জেনে নিতে হবে।
৪) পরীক্ষার্থীকে অবশ্যই কলেজ কেন্দ্র কর্তৃক নির্ধারিত কক্ষের নির্দিষ্ট আসনে পরীক্ষা দিতে হবে।
৫) পরীক্ষা আরম্ভ হওয়ার ন্যূনতম ১ (এক) ঘণ্টা পূর্বে পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা আরম্ভ হওয়ার পরে কোন পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না।
৬) প্রবেশপত্র, উপস্থিতি পত্র ও ওএমআর শিট-এ পরীক্ষার্থীর অভিন্ন স্বাক্ষর থাকতে হবে।
৭) উত্তরপত্রে কালো কালির বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে। কোনক্রমেই পেন্সিল ব্যবহার করা যাবে না।
৮) ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার্থীকে প্রবেশপত্র এবং এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সঙ্গে আনতে হবে।
৯) পরীক্ষার্থী মোবাইল ফোন, ক্যালকুলেটর অথবা যে কোন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে নিয়ে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে পারবে না।
১০) পরীক্ষা কক্ষে প্রধান পরিদর্শক/কর্তব্যরত শিক্ষক এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
১১) পরীক্ষার উত্তরপত্র (ওএমআর শিট) এ কোন প্রকার সাংকেতিক চিহ্ন বা মোবাইল নম্বর লেখা হলে, ঐ উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।