Friday 24 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাম বাড়লেও সংকট কাটেনি রংপুরে, তেলের জন্য দীর্ঘ লাইন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৬ ১৮:৩৮

রংপুর: দেশব্যাপী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরও রংপুর নগরীর ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল, অকটেন ও ডিজেলের তীব্র সংকট দেখা দিয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) প্রায় এক মাইল লম্বা লাইনে দাঁড়িয়েও জ্বালানি পাচ্ছেন না গ্রাহকরা। দুপুরে অকস্মাৎ তেল সরবরাহ শুরু হলে ধাক্কাধাক্কির ঘটনায় পাঁচ মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। সকাল থেকে রংপুর নগরীর ৩৫টি ফিলিং স্টেশনের মধ্যে মাত্র কয়েকটিতে তেল সরবরাহের খবর পেয়ে গ্রাহকরা ভিড় করেন। দুপুর ১টার দিকে শাপলা চত্বর এলাকার ইউনিক ট্রেডার্সসহ বেশ কয়েকটি পাম্পের সামনে মোটরসাইকেল, ট্রাক, পিকআপ ও প্রাইভেট কারের প্রায় এক মাইল দীর্ঘ সারি দেখা যায়। বিকেল সাড়ে ৩টার দিকে ফিলিং স্টেশনে অকস্মাৎ পেট্রোল সরবরাহ শুরু হলে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এতে দুইজন আহতের খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল চালক আফতাব উদ্দিন বলেন, ‘তেলের দাম তো বাড়ল, কিন্তু চাহিদা অনুযায়ী জ্বালানি পাওয়া যাচ্ছে না। প্রতিটি পাম্পে পর্যাপ্ত সরবরাহ থাকলে এভাবে লাইনে দাঁড়িয়ে থাকতে হতো না। নগরীর বাইরের উপজেলা এমনকি পার্শ্ববর্তী জেলা থেকেও অনেকে তেল নিয়ে ভিড় করছেন।’

নগরীর মুন্সিপাড়ার মোটরসাইকেল চালক মমতাজ উদ্দিনেরও একই অভিযোগ, ডিপো থেকে চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করা হলে এ সমস্যা থাকত না।

এদিকে সীমিত তেল সরবরাহের মধ্যে ডিজেলের অবস্থা সবচেয়ে সংকটজনক। ফলে ট্রাক, পিকআপসহ ডিজেলচালিত যানবাহনগুলো তেলের অপেক্ষায় রয়েছে। সবচেয়ে বড় উদ্বেগ কৃষি নিয়ে। ডিজেলের অভাবে রংপুরের ব্যাপক বোরো মাঠে সেচযন্ত্র বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। কৃষকরা অভিযোগ করেছেন সময়মতো সেচ দেয়া যাচ্ছে না, জমি শুকিয়ে যাচ্ছে।

ফিলিং স্টেশন মালিকদের সংগঠন জানিয়েছে, ডিপো থেকে রেশনিং পদ্ধতিতে সরবরাহ করা হচ্ছে। রংপুরের ডিপোগুলোতে ট্রেনে করে তেল আসা বন্ধ থাকায় সরবরাহ কমেছে। পাম্প মালিক মিজানুর রহমান জানান, ট্রেনে তেল না আসায় চট্টগ্রাম ও পার্বতীপুর থেকে বেশি খরচে তেল আনতে হচ্ছে।

তাদের দাবি, মজুদ পর্যাপ্ত থাকলেও ডিপো থেকে পাম্প পর্যন্ত সরবরাহ প্রক্রিয়ায় বিলম্ব ও জটিলতাই সংকটের মূল কারণ। পাম্প মালিকরা বলছেন, মজুত ঠেকাতে ডিপোগুলোতে রেশনিং চালু রয়েছে, যা চাহিদার তুলনায় অপর্যাপ্ত।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর