Friday 24 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমেরিকা-ইরান যুদ্ধে আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি: মির্জা ফখরুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৬ ১৭:৫৯ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ১৮:০৩

ঠাকুরগাঁও: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেন, আমেরিকা-ইরান যুদ্ধে সারাবিশ্বের মতো আমরা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। দেশে বর্তমানে তেলের দাম বেড়ে গেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে পৌর শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, চেক ও বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশে একটি চক্র তেলের সংকট তৈরি করেছে। তারা তেল নিয়ে অনৈতিক ব্যবসা শুরু করেছে। যে ব্যবসা আমাদের দেশ ও জাতির জন্য লজ্জিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা উন্নয়ন করতে চাই। সারাদেশের মতো ঠাকুরগাঁওয়ের উন্নয়নে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের কাজ চলছে। স্বাস্থ্য সেবার জন্য মেডিকেল কলেজ স্থাপন ও পরিত্যক্ত বিমানবন্দর পুনরায় চালুর ব্যবস্থা করা হচ্ছে। ‘

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, এরই মধ্যে ঠাকুরগাঁওয়ের একটি ইউনিয়নে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। ধারাবাহিকতায় কৃষকদের জন্য কৃষি কার্ড প্রদান করা হবে। যারা ধর্ম উপাসনালয়ে কাজ করেন তাদের ভাতার ব্যবস্থা করা হয়েছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে নতুন নতুন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। আপনারা কখনো অন্যায়কে প্রশ্রয় দিবেন না। কোন মিথ্যাচারকে প্রশ্রয় দিবেননা। আমরা ধর্মের ব্যাপারে যেন বিভেদ সৃষ্টি না করি। সবাই একসাথে মিলে কাজ করে এ দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সেই চেষ্টায় আমাদের করতে হবে। দেশ ও দেশের মানুষের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসচ্ছল পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে ঢেউটিন, চেক বিতরণ করা হয়। এছাড়াও এলজিইডি ও জেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নকল্পে বরাদ্দপত্র বিতরণ করেন আমন্ত্রিত অতিথিরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর