Friday 24 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহবাগে সাংবাদিক আহতের ঘটনায় নাছিরের দুঃখ প্রকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৬ ১৩:২০

জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

ঢাকা: রাজধানীর শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের আহত হওয়ার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক বার্তার মাধ্যমে তিনি এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ছাত্রদলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন।

নাছির উদ্দিন নাছির তার পোস্টে উল্লেখ করেন, একটি কুরুচিপূর্ণ ফেসবুক পোস্টকে কেন্দ্র করে শাহবাগ থানায় যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তাতে সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে তারা অবগত হয়েছেন। তিনি স্পষ্ট করেন যে, ছাত্রদল সাংবাদিকদের সুরক্ষা এবং গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় দৃঢ়ভাবে বিশ্বাসী। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে সাংবাদিক সমিতির অসামান্য অবদানের কথা স্মরণ করে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে পেশাগত দায়িত্ব পালনকালে কোনো সাংবাদিক যেন আর কোনো হয়রানির শিকার না হন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে একটি আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার অভিযোগে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ছাত্রশিবির নেতা ও ডাকসু নির্বাচনে প্যানেল সদস্য পদপ্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এর প্রতিবাদে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করতে যান। অন্যদিকে, আব্দুল্লাহ আল মাহমুদ তার নামে অপপ্রচার চালানোর অভিযোগ তুলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে উপস্থিত হন।

থানা প্রাঙ্গণে দুই পক্ষ মুখোমুখি হলে একপর্যায়ে উত্তপ্ত বাক্যবিনিময় থেকে হাতাহাতি, পালটাপালটি ধাওয়া ও সংঘর্ষের সূত্রপাত ঘটে। ছাত্রশিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সংঘর্ষের সময় থানার ভেতরে ঢুকে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিকের ওপর হামলা চালানো হয় এবং ডাকসু নেতা এ বি জুবায়ের সেখানে আটকা পড়েন। এই বিশৃঙ্খল পরিস্থিতিতে সাংবাদিকসহ অন্তত ১১ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর