ঢাকা: রাজধানীর শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস সেক্রেটারি সালেহ শিবলী।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে তিনি আহত সাংবাদিকদের সঙ্গে ফোনে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থার বিস্তারিত খোঁজ নেন।
এ সময় তিনি আহত সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং চিকিৎসার বর্তমান অগ্রগতির বিষয়ে জানতে চান। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এমন হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বদা বদ্ধপরিকর। প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি আহত সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন যে, চিকিৎসার ক্ষেত্রে যেকোনো ধরনের প্রয়োজনে সরকার তাদের পাশে থাকবে এবং সর্বোচ্চ সহায়তা প্রদান করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সালেহ শিবলী আরও উল্লেখ করেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সরকার সব সময় গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ, এই কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত কাজের পরিবেশ নিশ্চিত করা প্রশাসনের অন্যতম দায়িত্ব। আহত সাংবাদিকদের চিকিৎসার অগ্রগতি এবং নিরাপত্তার বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করছেন বলেও জানিয়েছেন।