ঢাকা: জ্বালানি তেলের মূল্যের সাথে সামঞ্জস্য রেখে ডিজেলচালিত বাস ও মিনিবাসের সর্বোচ্চ ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ক্ষমতাবলে সরকার এই নতুন ভাড়ার হার নির্ধারণ করেছে, যা আজ থেকেই কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর অভ্যন্তরে চলাচলকারী বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সার পরিবর্তে এখন থেকে ২ টাকা ৫৩ পয়সা হিসেবে আদায় করা হবে। অর্থাৎ কিলোমিটারে ভাড়া বেড়েছে ১১ পয়সা।
আন্তঃজেলা ও দূরপাল্লা দূরপাল্লার রুটে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ১২ টাকা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আন্তঃজেলা যাতায়াতের ক্ষেত্রেও যাত্রীদের বর্ধিত এই ভাড়া প্রদান করতে হবে।
ডিটিসিএ এলাকা ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) আওতাধীন জেলাগুলোর (নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা জেলা) অভ্যন্তরে চলাচলকারী বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৩২ পয়সার স্থলে ২ টাকা ৪৩ টাকা করা হয়েছে।
সর্বনিম্ন ভাড়া ও বিশেষ নির্দেশনা ভাড়ার হার কিলোমিটারে বাড়লেও ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাস ও মিনিবাসের ক্ষেত্রে সর্বনিম্ন ভাড়ার পরিমাণে কোনো পরিবর্তন আনা হয়নি। ঢাকা মহানগরীতে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং চট্টগ্রামে ৮ টাকা আগের মতোই বহাল থাকবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন এই ভাড়ার হার কেবল ডিজেলচালিত বাসের জন্য প্রযোজ্য হবে; কোনোভাবেই গ্যাসচালিত বাস বা মিনিবাসের ক্ষেত্রে এই বর্ধিত ভাড়া নেওয়া যাবে না। এছাড়া প্রতিটি বাসের দৃশ্যমান স্থানে অবশ্যই নতুন ভাড়ার তালিকা টাঙিয়ে রাখতে হবে। বিআরটিএ অনুমোদিত আসন সংখ্যা কমিয়ে আরামদায়ক বিন্যাস করা বাসের ক্ষেত্রে আনুপাতিক হারে ভাড়া পুনর্নির্ধারণ করে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।