Thursday 23 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৫ মে

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৬ ১৪:২৩ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১৫:৫২

সাবেক সংসদ সদস্য শামীম ওসমান – ছবি : সংগৃহীত

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে কি না সে বিষয়ে আদেশ দেওয়ার জন্য আগামী ৫ মে দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বে গঠিত দুই সদস্যের বেঞ্চ এই তারিখ নির্ধারণ করেন। বেঞ্চের অপর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এদিন আসামিদের দায়মুক্তি (ডিসচার্জ) চেয়ে শুনানি করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মো. আলী হায়দার, শেখ মুস্তাভী হাসান ও আমির হোসেন। আসামিরা পলাতক থাকায় রাষ্ট্রীয় খরচে এসব আইনজীবী তাদের পক্ষে শুনানিতে অংশ নেন।

বিজ্ঞাপন

শুনানিতে প্রতিরক্ষা পক্ষ দাবি করে, রাজনৈতিক উদ্দেশ্যে এবং আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে শামীম ওসমানসহ ১২ জনকে এই মামলায় আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক ভিত্তিও প্রতিষ্ঠা করতে পারেনি প্রসিকিউশন এমন যুক্তি তুলে ধরে অব্যাহতি চাওয়া হয়।

অন্যদিকে প্রসিকিউশন এই আবেদনের বিরোধিতা করে জানায়, আসামিদের বিরুদ্ধে যথেষ্ট প্রাথমিক প্রমাণ রয়েছে। প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, ডিসচার্জ আবেদনে মামলার প্রসঙ্গের বাইরে গিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে এবং ‘জুলাই গণঅভ্যুত্থান’কে ‘কথিত’ হিসেবে উল্লেখ করা হয়েছে যা গ্রহণযোগ্য নয়।

উভয় পক্ষের বক্তব্য শুনে ট্রাইব্যুনাল অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য ৫ মে তারিখ ধার্য করেন।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, মিনহাজ উদ্দিন আহমেদ ভিকি, তানভীর আহমেদ টিটু, রাজু আহমেদ, আব্দুল করিম বাবু, কামরুল হাসান মুন্না, শাহ নিজাম উদ্দিন আহমেদ, শাহাদাত হোসেন সাজনু, হাবিবুর রহমান রিয়াদ ও সোহানুর রহমান শুভ্র।

এর আগে গত ১৯ এপ্রিল প্রসিকিউশন তাদের আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন শেষ করে। এতে তিনটি পৃথক হত্যার ঘটনা তুলে ধরা হয়। অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ছয়জন, ২১ জুলাই দুইজন এবং ৫ আগস্ট আরও দুইজনকে হত্যা করা হয়।

এই তিনটি অভিযোগের ভিত্তিতে চলতি বছরের ১৯ জানুয়ারি ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয় এবং একই দিনে তা আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।