Wednesday 22 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই থেকে প্রাথমিক শিক্ষার্থীদের পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৬ ১৩:৪০ | আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৪:২৪

ঢাকা: আসন্ন জুলাই মাস থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ কর্মসূচি শুরু হতে যাচ্ছে।

বুধবার (২২ এপ্রিল) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রাথমিক ও গণশিক্ষা, বস্ত্র ও পাট এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে এই তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, শিক্ষার্থীদের মাঝে দেশীয় পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই পাইলট প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। প্রাথমিকভাবে প্রতিটি উপজেলার দুটি করে প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, কর্মসূচিটি প্রথম শ্রেণি থেকে শুরু হচ্ছে এবং স্থানীয় প্রশাসনের মাধ্যমে স্কুল নির্বাচন করা হবে। প্রথম মাসেই অন্তত এক লাখ শিক্ষার্থীর কাছে এসব ব্যাগ ও পোশাক পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

বিজ্ঞাপন

এ সময় সরকারের পক্ষ থেকে জানানো হয় যে, তিনটি মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে এবং যৌথ অর্থায়নে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী জানান, পলিথিনের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব পণ্যের প্রসারে এবং পাটশিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে শিক্ষার্থীদের মাঝে এই ব্যাগ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, সব প্রাথমিক বিদ্যালয়ে একই রকম পোশাক নিশ্চিত করা হবে এবং ছেলে ও মেয়েদের জন্য পোশাক ও ব্যাগের নকশা আলাদা হবে। শিক্ষা ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি প্রান্তিক পর্যায়ে দেশীয় পণ্যের সুষম বন্টন নিশ্চিত করাই সরকারের এই উদ্যোগের মূল উদ্দেশ্য।