Tuesday 21 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্টারনেট বন্ধে কত সময় লাগবে- ফোনে জানতে চান পলক: বিটিসিএল কর্মকর্তা

স্টাফ করেসপন্ডেট
২১ এপ্রিল ২০২৬ ১৯:০৬

ঢাকা: সাবমেরিন ক্যাবল স্তরে ইন্টারনেট বন্ধ করতে কত সময় লাগবে এ বিষয়ে সরাসরি ফোন করে জানতে চেয়েছিলেন তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া এক জবানবন্দিতে এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর একজন কর্মকর্তা।

মঙ্গলবার (২১ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে তার সাক্ষ্য রেকর্ড করা হয়। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ইন্টারনেট বন্ধ করে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তিনি পঞ্চম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন। নিরাপত্তাজনিত কারণে তার পরিচয় প্রকাশ করা হয়নি।

বিজ্ঞাপন

মামলাটিতে আসামি হিসেবে রয়েছেন জুনাইদ আহমেদ পলক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। পলাতক থাকায় জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম আদালতে প্রতিনিধিত্ব করেন।

জবানবন্দিতে ওই কর্মকর্তা জানান, ২০২৪ সালের ১৮ জুলাই তিনি প্রেষণে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানিতে দায়িত্ব পালন করছিলেন এবং ব্যবস্থাপনা পরিচালকের পদ শূন্য থাকায় অতিরিক্ত দায়িত্বে ছিলেন। ওইদিন সন্ধ্যার পর ১৮ জুলাই আইটিসি অপারেশনস নামে বিটিআরসির একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। যেখানে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের যুক্ত করা হয়।

রাত পৌনে ৮টার দিকে একটি ভয়েস কলে বিটিআরসির তৎকালীন মহাপরিচালক কাজী মোস্তাফিজুর রহমান ইন্টারনেট বন্ধের সরকারি সিদ্ধান্ত জানান। একই সঙ্গে আরেকটি গ্রুপে বার্তার মাধ্যমে অপারেটরদের সংযোগ বন্ধ করে ‘Done’ লিখে নিশ্চিত করতে বলা হয়।

সাক্ষী বলেন, সাবমেরিন ক্যাবল ও আইআইজি দুই পর্যায়ে একসঙ্গে ইন্টারনেট বন্ধের নির্দেশনা পেয়ে তিনি বিস্মিত হন। অতীতে কখনো সাবমেরিন স্তরে সংযোগ বন্ধ করা হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

পরে রাত ৯টার দিকে পলক তাকে ফোন করে জানতে চান কেন নির্দেশনা বাস্তবায়ন করা হয়নি এবং সাবমেরিন পর্যায়ে ইন্টারনেট বন্ধ করতে কত সময় লাগবে। জবাবে তিনি প্রায় ১৫ মিনিট সময় লাগতে পারে বলে জানান। এরপর দ্রুত ব্যবস্থা নিয়ে কক্সবাজার ও কুয়াকাটায় সাবমেরিন ব্যান্ডউইথ বন্ধ করা হয়।

তিনি আরও বলেন, ২৩ জুলাই বিটিআরসিতে অনুষ্ঠিত এক বৈঠক শেষে পলক সংবাদ সম্মেলনে ইন্টারনেট চালুর আশ্বাস দেন। ওই রাতেই সাবমেরিন সংযোগ পুনরায় চালুর নির্দেশনা আসে এবং তা কার্যকর করা হয়।

এছাড়া ৫ আগস্ট সকাল ১০টার দিকে আবারও সাবমেরিন ব্যান্ডউইথ বন্ধের নির্দেশনা দেওয়া হয় এবং পরে দুপুরে তা পুনরায় চালু করা হয় বলেও জবানবন্দিতে উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর