Tuesday 21 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলে ভোগান্তি দূরীকরণের আশ্বাস এন‌বিআরের

স্টাফ করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৬ ১৮:৪৫

– ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর প্রাক-বাজেট আলোচনায় অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল নিয়ে ব্যবসায়ীদের ভোগান্তির বিষয়টি উঠে এসেছে। এ সময় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান অনিয়মে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) অনুষ্ঠিত এ আলোচনায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দিতে গিয়ে নানা জটিলতার অভিযোগ তুলে ধরেন।

তারা জানান, আগে ম্যানুয়ালি জমা দেওয়া রিটার্ন এখন আর গ্রহণ করা হচ্ছে না, কিন্তু পুরোনো তথ্য অনলাইনে আপডেট না থাকায় নতুন করে রিটার্ন দাখিলে বাধার মুখে পড়তে হচ্ছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ইলেক্ট্রিক্যাল অ্যাসোসিয়েশন (বিইএ)-এর প্রতিনিধি হারেস মোহাম্মদ বলেন, দীর্ঘদিন ধরে ম্যানুয়ালি রিটার্ন জমা দেওয়া হলেও এখন তা অনলাইনে আপডেট না থাকায় জটিলতা তৈরি হচ্ছে। আপডেট করতে গেলে একাধিক ধাপ ও যাচাই প্রক্রিয়ার কারণে কাজটি আরও কঠিন হয়ে পড়ছে।

জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, অনলাইন পদ্ধতি চালুর মূল লক্ষ্যই ছিল প্রক্রিয়াকে সহজ, স্বচ্ছ ও দ্রুত করা।

তিনি জানান, পুরোনো রিটার্নগুলো নিজ উদ্যোগে অনলাইনে এন্ট্রি দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল এবং অনেকেই ইতোমধ্যে তা সম্পন্ন করেছেন।

তবে বাস্তবে এ প্রক্রিয়া সহজ নয় বলে দাবি করেন ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, অনলাইনে তথ্য আপডেট করতে গেলেও বিভিন্ন স্তরে অনুমোদন ও যাচাইয়ের কারণে ফাইলগুলো দীর্ঘদিন পেন্ডিং থাকে।

এ বিষয়ে চেয়ারম্যান বলেন, কোথাও কোনো রিটার্ন পেন্ডিং থাকলে তা যাচাই করে দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হবে। কেউ ইচ্ছাকৃতভাবে অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আলোচনায় একপর্যায়ে চেয়ারম্যান স্বীকার করেন, পুরোনো রিটার্ন আপডেটের দায়িত্ব এনবিআরের ছিল এবং এ ক্ষেত্রে সংস্থার কিছু ব্যর্থতা রয়েছে।

ব্যবসায়ীরা আরও অভিযোগ করেন, ভ্যাট অফিসে কর্মকর্তাদের ঘন ঘন বদলির কারণে সমস্যার সমাধান ব্যাহত হচ্ছে। অনেক ক্ষেত্রে একাধিক প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক রিটার্ন আপডেট করতে গিয়ে জটিলতার মুখে পড়তে হচ্ছে।

এনবিআর চেয়ারম্যান ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, তারা যেন খোলামেলা ভাবে সমস্যাগুলো তুলে ধরেন, যাতে দ্রুত সমাধান নিশ্চিত করা যায়।

তবে ব্যবসায়ীরা মনে করছেন, বাস্তব পরিস্থিতিতে এখনও অনলাইন ভ্যাট রিটার্ন ব্যবস্থা পুরোপুরি কার্যকর হয়নি এবং এতে তাদের ভোগান্তি অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর