ঢাকা: সারাদেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এই গুরুত্বপূর্ণ দিনে পরীক্ষার্থীদের স্বাচ্ছন্দ্য ও সুষ্ঠু পরীক্ষা গ্রহণ প্রক্রিয়া নিশ্চিত করতে রাজধানীর বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
মঙ্গলবার (২১ এপ্রিল) ধানমন্ডি গভমেন্ট বয়েজ হাই স্কুল, শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং গণভবন সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি মন্তব্য করেন, “শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের জন্য ইতিবাচক ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করছেন।”
তার এই পরিদর্শন এবং সার্বিক পর্যবেক্ষণ আজ সকালে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেও তুলে ধরেছেন। পরিদর্শনকালে মাহদী আমিন পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।
তিনি বলেন, আজ সকালে যখন আমি বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে যাই, তখন লক্ষ্য করেছি দায়িত্বরত শিক্ষকরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে শিক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখছেন। কেন্দ্রের ভেতরে শৃঙ্খলা রক্ষা এবং পরীক্ষার্থীদের পড়াশোনার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টাকে তিনি সাধুবাদ জানান।
তিনি আরও উল্লেখ করেন, পরীক্ষার্থীরাও অত্যন্ত প্রবল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করছে, যা তাদের আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে মাহদী আমিন বলেন, পরীক্ষার ফলাফল যাই হোক না কেন, আসুন আমরা সবাই মিলে আমাদের এই সন্তানদের প্রতি সহানুভূতিশীল হই এবং যথাযথ প্রেরণা দিয়ে তাদের মূল্যায়ন করি।
তিনি অভিভাবক ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোমলমতি শিক্ষার্থীদের ওপর পরীক্ষার চাপ সৃষ্টি না করে তাদের মানসিক সমর্থন দেওয়া এখন আমাদের সবার নৈতিক দায়িত্ব। কারণ, মাহদী আমিনের দৃড় বিশ্বাস, আগামীর বাংলাদেশের মূল কারিগর তো এই শিক্ষার্থীরাই। তাই তাদের মেধা ও বিকাশে বড়দের দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি বলে তিনি মনে করেন।