Sunday 19 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেল স্থানান্তরের সময় অগ্নিকাণ্ড, দগ্ধ ক্যাশিয়ারের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ১০:৫৫

মনতুষ নাথ।

চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেল থেকে ড্রামে তেল স্থানান্তর করতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে এক পাম্প ক্যাশিয়ারের মৃত্যু হয়েছে। নিহত মনতুষ নাথ (৪০) স্থানীয় জনতা অয়েল এন্ড কোং ফিলিং স্টেশনের ক্যাশিয়ার ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে,মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার নাজিরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ইমাম নগর গ্রামের নাথ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় চারদিন পর শনিবার (১৮ এপ্রিল) তার মৃত্যু হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার সময় মোটরসাইকেল থেকে প্লাস্টিকের ড্রামে তেল ঢালা হচ্ছিল। এ সময় অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে মনতুষ নাথ ড্রামটি ঘর থেকে বাইরে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে ড্রামটি পাশের পুকুরে ফেলতে গিয়ে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন।

বিজ্ঞাপন

নিহতের ভাতিজা সুজন নাথ জানান, চিৎকার শুনে এগিয়ে গিয়ে তিনি দেখেন তার কাকার শরীরের সামনের অংশ পুড়ে গেছে।

স্থানীয় বিএনপি নেতা শরীয়ত উল্লাহ বলেন, খবর পেয়ে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ঘর রক্ষা করতে গিয়ে মনতুষ নাথ নিজের জীবন উৎসর্গ করেছেন। নিহত মনতুষ নাথ একই এলাকার হরিমন দেব নাথের ছেলে। তার পরিবারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটরসাইকেল থেকে ড্রামে তেল ঢালার সময় আগুন লাগে। এতে দগ্ধ হয়ে মনতুষ নাথের মৃত্যু হয়েছে। বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে।

সারাবাংলা/এসএন/এনজে