Sunday 19 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জ্বালানি তেল কিনতে আজ থেকে গুণতে হচ্ছে বাড়তি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ০৯:০২ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ১০:২০

জ্বালানি তেল। ফাইল ছবি

ঢাকা: বিশ্ববাজারের অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের বিদ্যমান যুদ্ধ পরিস্থিতির কারনে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম এক লাফে অনেকটা বেড়ে গেছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আজ রোববার (১৯ এপ্রিল) থেকে এই নতুন মূল্যতালিকা কার্যকর হয়েছে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। এই আকস্মিক মূল্যবৃদ্ধির ফলে পরিবহন ও নিত্যপণ্যের বাজারে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, অকটেনের দাম প্রতি লিটারে ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১২০ টাকা। একইভাবে পেট্রোলের দাম ১৯ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে, যা আগে ছিল ১১৬ টাকা। এছাড়া ডিজেল ও কেরোসিনের দামও উল্লেখযোগ্য হারে বেড়েছে। এখন থেকে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকায় এবং কেরোসিন ১৩০ টাকায় কিনতে হবে গ্রাহকদের। এর আগে ডিজেলে ১০০ টাকা এবং কেরোসিনে ১১২ টাকা দাম কার্যকর ছিল। অর্থাৎ, ডিজেল ও কেরোসিনের দাম যথাক্রমে ১৫ ও ১৮ টাকা করে বৃদ্ধি পেয়েছে।

বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মেলাতে এবং পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতে এই মূল্য সমন্বয় করা হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রভাব এবং জ্বালানি পরিবহনের অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়ছে। এর নেতিবাচক প্রভাবে গত কয়েকদিন ধরেই দেশের পেট্রোল পাম্পগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। চাহিদামতো তেল না পাওয়ার অভিযোগও ছিল গ্রাহকদের। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, দেশে জ্বালানির পর্যাপ্ত মজুত থাকলেও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হওয়ায় অনেকে অতিরিক্ত তেল কিনে রেখেছেন। পাশাপাশি, এক শ্রেণির অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে অবৈধ মজুত গড়ে তুলে বাজারে কৃত্রিম সংকট তৈরির অভিযোগও উঠেছে।

উল্লেখ্য, জ্বালানি তেলের এই বড় ধাক্কার আগে চলতি মাসের শুরুর দিকে জেট ফুয়েলের দামও দফায় দফায় বাড়ানো হয়েছিল। গত ৭ এপ্রিল বিইআরসির ঘোষণা অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম প্রতি লিটারে বড় অঙ্কে বাড়িয়ে ২২৭ টাকা ০৮ পয়সা নির্ধারণ করা হয়। মাত্র দুই মাস আগে গত ফেব্রুয়ারি মাসে লিটারপ্রতি দুই টাকা করে দাম কমানো হলেও, বর্তমান আন্তর্জাতিক সংকটের কারণে সাধারণ ভোক্তাদের এখন বড় ধরনের এই মূল্যবৃদ্ধির বোঝা বইতে হচ্ছে।