কুমিল্লা: কৃষি খাতে উৎপাদন খরচ কমাতে ডিপটিউবওয়েল ও শ্যালো মেশিনে সোলার সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য কৃষকদের ভর্তুকি দেওয়া হবে, ফলে অর্ধেক খরচে সোলার সুবিধা পাবেন তারা।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবিরবাজার এলাকায় কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী আমিনুর রশীদ এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কৃষকদের সেচ খরচ কমাতে ধাপে ধাপে সোলার সিস্টেমে রূপান্তর করা হবে। এতে জ্বালানি নির্ভরতা কমবে এবং কৃষি উৎপাদন আরও লাভজনক হবে। বিএনপির ৩১ দফার অন্যতম প্রতিশ্রুতি ছিল কৃষি কার্ড প্রদান। তখন এ উদ্যোগ নিয়ে সমালোচনা হলেও সরকার গঠনের পর দ্রুতই ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ শুরু হয়েছে। ভোটের কালি শুকানোর আগেই সরকার তার অঙ্গীকার বাস্তবায়নে কাজ শুরু করেছে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে ১ হাজার ৪৫৮ জন কৃষকের মাঝে কৃষি কার্ড বিতরণ করা হয়।
এ সময় বক্তব্য দেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহাম্মদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
কুমিল্লা আদর্শ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মু. রেজা হাসান।