Friday 17 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুঠিয়ায় চাঁদা না পেয়ে দোকানিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৬ ১২:২৫

মুদি দোকানদার মামুনুর রশিদ জুয়েল।

‎রাজশাহী: ‎রাজশাহীর পুঠিয়া পৌরসভাধীন কাউন্সিল বাজারে চাঁদার টাকা না পেয়ে মামুনুর রশিদ জুয়েল (৪৮) নামে এক মুদি দোকানদারকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

‎মৃত মামুন কৃষ্ণপুর গ্রামের মৃত আনছারের ছেলে। অপরদিকে অভিযুক্ত হত্যাকারী মো. মাইনুল (২৩) উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের কামালের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রমতে, মামুনুর রশিদ জুয়েল প্রতিদিনের মতো সকালে দোকান খুলে ভেতরে বসে ছিলেন। এ সময় কাঁঠালবাড়িয়া গ্রামের কামালের ছেলে মো. মাইনুল (২৩) দোকানে প্রবেশ করে। নেশা করার জন্য চাঁদার টাকা না পেয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। ধস্তাধস্তির একপর্যায়ে মাইনুল তার কাছে থাকা ছুরি দিয়ে জুয়েলের বুকে সজোরে আঘাত করে। জুয়েল রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঘটনার পরপরই স্থানীয় জনতা ঘাতক মাইনুলকে ধাওয়া করে আটক করে দোকানের খুঁটির সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেন।

‎এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘অনাকাঙ্ক্ষিত একটি হত্যার ঘটনা ঘটেছে। আমরা অভিযুক্তকে আটক করেছি। মামলা রজু হবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ নেওয়া হবে।