Thursday 16 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জানুয়ারিতে ইন্টারনেট ব্যাংকিং বেড়েছে ১৮ হাজার ১৪১ কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৬ ২০:২৪

– ছবি প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: চলতি ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগে ইন্টারনেট ব্যাংকিংয়ে ব্যাপক সাড়া মিলেছে। শুধু জানুয়ারি মাসেই আড়ের মাস ডিসেম্বরে ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেনের পরিমাণ অনেক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনের সংখ্যাও। নভেম্বরের তুলনায় ডিসেম্বরে লেনদেন বেড়েছে ১০ হাজার ২১২ কোটি টাকা এবং গত বছরের ডিসেম্বরের তুলনায় চলতি বছরের জানুয়ারিতে লেনদেন বেড়েছে ১৮ হাজার ১৪১ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ব্যাংকাররা বলছেন, ঘরে বসে ডিজিটাল লেনদেনের গ্রাহক ধারাবাহিকভাবে বাড়ছে। আর ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল অনেক কর্মসূচি পালন করেছে। আর নির্বাচন কেন্দ্রিকও তারা অন্যান্য সময়ের তুলনায় ডিসেম্বর-জানুয়ারিতে খরচ বেশি করেছে। ফলে গ্রাহকদের বড় একটা অংশ সশরীর ব্যাংকে যাওয়ার পরিবর্তে অনলাইন মাধ্যমকে বেছে নেয়। এর ফলেই মূলত এই দুই মাসে লেনদেন অনেক বেড়েছে।

বিজ্ঞাপন

দেশের ব্যাংকগুলোর মধ্যে অ্যাপসে সবচেয়ে বেশি লেনদেন হয় ইসলামী ব্যাংকের সেলফিন ও ইন্টারনেট মাধ্যমে। লেনদেনের প্রায় অর্ধেকই করেন ইসলামী ব্যাংকের গ্রাহকেরা। এরপর রয়েছে ডাচ্-বাংলা ব্যাংকের অ্যাপস নেক্সাস পে, সিটি ব্যাংকের সিটি টাচ, ব্র্যাক ব্যাংকের আস্থা, ইস্টার্ণ ব্যাংকের স্কাই ব্যাংকিং। এ ছাড়া স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমটিবি স্মার্ট, ঢাকা ব্যাংকের গো অ্যাপসসহ আরও কয়েকটি ব্যাংকের অ্যাপসে ভালো গ্রাহক রয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি মাসে অর্থাৎ জাতীয় নির্বাচনের আগের মাসে ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপস ব্যবহার করে লেনদেন হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৩৪৭ কোটি টাকা। আর এর আগের মাস অর্থাৎ গত বছরের শেষ মাস ডিসেম্বরে ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপস ব্যবহার করে লেনদেন হয়েছিল ১ লাখ ১৮ হাজার ২০৫ কোটি টাকা। সেই হিসাবে গত বছরের শেষ মাস ডিসেম্বরের তুলনায় চলতি বছরের জানুয়ারি মাসে লেনদেন বেশি হয়েছে ১৮ হাজার ১৪১ কোটি টাকা।

ব্যাংক এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক আরফান আলী বলেন, প্রযুক্তির ছোয়ায় ঘরে বসে ব্যাংক হিসাব খোলার পদ্ধতি চালু করা হয়। ফলে বিভিন্ন ব্যাংকের ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক হিসাব খোলেন গ্রাহকরা। নির্বাচনের আগে গ্রাহকদের মধ্যে ডিজিটাল ব্যাংকিংয়ের প্রয়োজনীয়তাটা বেশি করে অনুভব করতে শুরু করেন। এরই ধারাবাহিকতায় এ সেবার গ্রাহক ও লেনদেন বাড়ছে বলে তিনি মনে করেন।

প্রতিবেদন অনুয়ায়ী, ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপস ব্যবহার করে গত বছরের নভেম্বর মাসে লেনদেন হয়েছিল ১ লাখ ৭ হাজার ৯৯৩ কোটি টাকা। আর পরের ডিসেম্বর মাসে ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপসের মাধ্যমে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ২০৫ কোটি টাকা। সেই হিসাবে নভেম্বর মাসের তুলনায় ডিসেম্বর মাসে ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপ ব্যবহার করে লেনদেন বেড়েছে ১০ হাজার ২১২ কোটি।

প্রতিবেদনে দেখা যায়, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগের দুই মাসে ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপস ব্যবহার করে লেনদেন বেশি হয়েছে ২৮ হাজার ৩৫৪ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে দেশে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারকারী গ্রাহকের সংখ্যা ছিল ১ কোটি ৩৩ লাখ ৩৭ হাজার ৮১৮ জন। আর এর আগের মাস অর্থাৎ গত বছরের শেষ মাস ডিসেম্বরে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারকারী গ্রাহকের সংখ্যা ছিল ১ কোটি ২৮ লাখ ৯৯ হাজার ৮৯১ জন। সেই হিসাবে গত বছরের ডিসেম্বরের তুলনায় চলতি বছরের জানুয়ারিতে গ্রাহক বেড়েছে ৪ লাখ ৩৭ হাজার ৯২৭ জন।

একসময় কেনাকাটা ও লেনদেনের পুরোটাই হতো নগদ টাকায়। পরিষেবা বিল পরিশোধের জন্যও ব্যাংকগুলোতে লাইন লেগে থাকত। মোবাইলে টাকা রিচার্জ করতেও প্রতিটি বাজার ও মহল্লায় ছিল একাধিক দোকান। কিন্তু ব্যাংকিং লেনদেনে এখন যুক্ত হয়েছে প্রযুক্তি। বাড়ছে ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপসনির্ভর ব্যাংকিং সেবা।

ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ও অ্যাপসগুলোর মাধ্যমে হিসাবের স্থিতি জানা, যে কোনো ব্যাংকে টাকা স্থানান্তর, পরিষেবা বিল পরিশোধ, মোবাইল রিচার্জ, টিকিট কেনা, কার্ডের বিল পরিশোধ, মাসিক সঞ্চয় হিসাবে টাকা জমাসহ নানা সুবিধা পাওয়া যায়।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, তথ্যপ্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে গ্রাহকরা সশরীরে ব্যাংকে না গিয়ে অনলাইন ব্যাংকিং ও অ্যাপস ব্যবহারকে বেশি গুরুত্ব দিচ্ছেন। সাম্প্রতিক সময়ে কেনাকাটা ও বিল পরিশোধের ক্ষেত্রেও ইন্টারনেট ব্যাংকিংয়ের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সারাবাংলা/এসএ/এসআর
বিজ্ঞাপন

সমঝোতার পথে ইরান যুদ্ধ!
১৬ এপ্রিল ২০২৬ ২১:৫৫

আরো

সম্পর্কিত খবর