নতুন বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা সম্প্রসারণের লক্ষ্যে চীনের গুয়াংজুতে অনুষ্ঠিত ৬ষ্ঠ গুয়াংজু সোর্সিং ফেয়ারে অংশ নিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর একটি প্রতিনিধিদল।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল)ঊর্ধ্বতন সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলটি মেলায় যোগ দেয়।
মেলার বিটুবি ম্যাচমেকিং সেশনে হার্ডওয়্যার ও টুলস, অটোমোবাইল, মোটরসাইকেল ও আনুষঙ্গিক পণ্য, গৃহস্থালী যন্ত্রপাতি এবং নির্মাণসামগ্রীসহ বিভিন্ন খাতের প্রায় ১৫০টি চীনা প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা ও বিনিয়োগ সংক্রান্ত তথ্য বিনিময়ের সুযোগ পায় ডিসিসিআই প্রতিনিধিদল।
এদিকে, ফেয়ার উপলক্ষে আয়োজিত সাপ্লাইচেইন বিষয়ক দ্বিপাক্ষিক আলোচনা সভায় রাজিব এইচ চৌধুরী বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের বহুমাত্রিক অংশীদারিত্ব বিদ্যমান, যা বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নকে অন্তর্ভুক্ত করেছে।
তিনি জানান, ২০২৫ অর্থবছরে দুই দেশের মধ্যে মোট দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ১৮.৮৯ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশ চীন থেকে ১৮.২০ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে এবং রফতানি করেছে ৬৯৪.৪৯ মিলিয়ন ডলার। টেক্সটাইল ও টেক্সটাইলজাত পণ্য, যান্ত্রিক সরঞ্জাম, রাসায়নিক পণ্য, ধাতু, প্লাস্টিক, খনিজ ও উদ্ভিজ পণ্যসহ বিভিন্ন খাতে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় পলি জিনহান এক্সিবিশন ও পলি ইভেন্টস-এর পরিচালক নিকোল ফ্যান বলেন, এই সোর্সিং ফেয়ার চীন ও বাংলাদেশের উদ্যোক্তাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও বেশি সংখ্যক বাংলাদেশি উদ্যোক্তা এ মেলায় অংশগ্রহণ করবেন।
তিনি আরও জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে বাংলাদেশের ক্রেতারা চীনের বৃহৎ সরবরাহকারী নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারছেন এবং নতুন সহযোগিতার সুযোগ খুঁজে পাচ্ছেন।