Thursday 16 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে এমওইউ সই করতে চায় চীন

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৬ ১৬:৩৯ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৭:৩৫

– ছবি : সংগৃহীত

ঢাকা: তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ে আগ্রহ প্রকাশ করেছে চীন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন-এর সঙ্গে সাক্ষাতকালে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়ান ওয়ান এ আগ্রহের কথা জানান।

এর মাধ্যমে দুই দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তথ্য মন্ত্রণালয় জানায়, এছাড়া আগামী জুলাই ও অক্টোবর মাসে চীনে দুটি বিশেষ সামিট আয়োজনের প্রস্তাব দিয়েছেন চীনা রাষ্ট্রদূত। ওই সামিটগুলোতে বাংলাদেশের সাংবাদিক ও বুদ্ধিজীবীদের অংশগ্রহণের সুযোগ থাকবে, এর মাধ্যমে তারা আধুনিক প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন।

বিজ্ঞাপন

মন্ত্রণালয় জানায়, সাক্ষাতকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং গণমাধ্যম খাতের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে তথ্যমন্ত্রী চীনকে বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত ও নির্ভরযোগ্য বন্ধু হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে যে দ্রুত পরিবর্তন ঘটছে, তার সঙ্গে তাল মেলাতে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য।

চীনের প্রযুক্তিগত উৎকর্ষ ও অভিজ্ঞতা বাংলাদেশের জন্য অত্যন্ত শিক্ষণীয় উল্লেখ করে মন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতা সম্প্রসারিত হলে তা দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে এবং সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া গণমাধ্যম ও প্রশিক্ষণের মাধ্যমে জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পেলে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর