ঢাকা: দেশের সামগ্রিক উন্নয়নের সঙ্গে সিএমএসএমই (ক্ষুদ্র, ছোট, মাঝারি ও কুটির শিল্প) খাতের উন্নয়ন ওতপ্রোতভাবে জড়িত। এ খাতের বিকাশ নিশ্চিত করতে একটি সমন্বিত অর্থনৈতিক কাঠামো তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘ব্যাংকিং খাতের সমন্বয় : ঋণদাতা ও ঋণগ্রহীতার দৃষ্টিভঙ্গি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ গুরুত্বারোপ করেন।
উপদেষ্টা বলেন, বাংলাদেশের বাস্তবতায় ব্যাংক কোম্পানি আইনসহ আর্থিক খাতের অন্যান্য আইন সংস্কারের কোনো বিকল্প নেই। আর্থিক খাতকে শক্তিশালী না করলে সিএমএসএমই খাতের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।
তিনি বলেন, শ্রমঘন শিল্পের উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের শিল্প খাতকে অগ্রাধিকার দিয়ে বর্তমান সরকার কাজ করছে। ইতোমধ্যে বন্ধ হয়ে যাওয়া শিল্প-কারখানা পুনরায় চালু করা, অন্যান্য শিল্পে উৎপাদন বৃদ্ধি এবং নারী উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদানে সরকার উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি।
উপদেষ্টা বলেন, বিপুল জনসমর্থন নিয়ে দায়িত্ব গ্রহণ করায় সরকার মানুষের জীবনযাত্রার কষ্ট লাঘবকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। বৈশ্বিক সংকটের প্রভাব থাকা সত্ত্বেও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি না করার বিষয়টি সেই প্রচেষ্টারই অংশ।
দেশের আর্থিক খাতের বর্তমান দুরাবস্থার কথা উল্লেখ তিনি বলেন, এ অবস্থা থেকে উত্তরণে সরকার প্রয়োজনীয় নীতি প্রণয়ন ও সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করবে। দীর্ঘমেয়াদে টেকসই ঋণ ব্যবস্থা গড়ে তুলতে একটি শক্তিশালী বন্ড মার্কেট ও কার্যকর পুঁজিবাজার গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন ।