Wednesday 15 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেসরকারি ফ্লাইট অপারেট করলে কুয়াকাটায় বিমানবন্দর করা হবে: প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৬ ১৪:৪০

সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান – (সংগৃহীত ফাইল ছবি)

ঢাকা: কোনও প্রাইভেট কোম্পানি ফ্লাইট অপারেট করলে কুয়াকাটায় বিমানবন্দর করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৫ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৪তম দিনের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পটুয়াখালী-৪ আসনের এমপি এবিএম মোশাররফ হোসেন সম্পূরক প্রশ্নে বলেন, “কুয়াকাটা পর্যটন কেন্দ্র আছে, একটা নৌ ঘাঁটি আছে। ওখানে একটি ক্যান্টনমেন্ট আছে, পায়রা বন্দর আছে। সেখানে একটি বিমানবন্দর করা গেলে কুয়াকাটাকে হয়তো আরও একটি গুরুত্বপূর্ণ পর্যটন হিসেবে আমরা গড়ে তুলতে পারবো। বিমানবন্দর করা যায় কি না?”

জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিমানবন্দরের বিষয়টি অর্থনীতির সঙ্গে সম্পর্কিত। বিমানের ফ্লাইট অবশ্যই সেখানে পরিচালনা করা যেতে পারে। কিন্তু, সেটি যদি লস হয় তাহলে তো পাবলিকের পকেট থেকে পয়সাটা যাবে। কাজেই সেটি বোধহয় বিজনেস ওয়াইজ খুব একটা ভালো হবে না।

বিজ্ঞাপন

তিনি বলেন, কোনও প্রাইভেট কোম্পানি যদি সেখানে ফ্লাইট অপারেট করতে চায়, আমরা সরকারের পক্ষ থেকে সেখানে তাকে অবকাঠামোটা যতটুকু সম্ভব তৈরি করে দেওয়ার জন্য চেষ্টা করবো। তবে, অবশ্যই যাচাই-বাছাইয়ের ভিত্তিতে আমাদেরকে এটি করতে হবে। আমরা চাই না, কোনও উদ্যোক্তা ব্যর্থ হোক।