Wednesday 15 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মগবাজারে দুর্ঘটনার শিকার ঢাবির শিক্ষার্থীবাহী বাস

ঢাবি করেস্পন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৬ ১১:৪৫ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ১৩:৩০

ঢাবি: রাজধানীর মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীবাহী একটি বাস দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় বাসে থাকা অন্তত ৮ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টার দিকে কারওয়ান বাজার এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহত শিক্ষার্থীদের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনাকবলিত বাসে থাকা ঢাবির শিক্ষার্থী নাইমুজ্জামান ইমন বলেন, কিছুক্ষণ আগে ঢাবির ‘ক্ষণিকা’ বাস মগবাজারে এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় দুর্ঘটনায় পড়ে। আমি বাসেই ছিলাম। আল্লাহ আজ অনেক বড় বিপদ থেকে বাঁচিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, ‘এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় ঢাবির বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে। প্রাথমিকভাবে আমরা ৭ থেকে ৮ জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পেয়েছি। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ইনসাফ বারাকা হাসপাতালে ৩ জন আহত ছিলেন। এনাদের একজনের হাতে আঘাতে পাওয়ায় ইবনে সিনায় যোগাযোগ করে ভর্তি করা হয়েছে। দুইজন রিলিজ দিয়েছে। যার একজনের নাকে সেলাই লেগেছে এবং আরেকজন বুকে আঘাত পেয়েছেন। হলি ফ্যামিলিতে দুইজনের চিকিৎসা চলছে। হাত ও পায়ে আঘাত লেগেছে। ব্যান্ডেজ করা হয়েছে। ঢাকা মেডিকেলে একজন ভর্তি হয়েছিলেন। তিনি চিকিৎসা শেষে রিলিজ নিয়েছে। দুই হাসপাতালে যাওয়ার পর আমরা এখন শমরিতা হাসপাতালে আছি।’