Thursday 09 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ১৭:৩৮ | আপডেট: ৯ এপ্রিল ২০২৬ ১৮:৩৭

ঢাকা: অনিয়মের অভিযোগ ও বর্জনের মধ্যে দিয়ে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ উপ-নির্বাচন ও শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ। এখন চলছে গণনা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়।

এ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এছাড়া দলটির প্রার্থী শেরপুর-৩ আসনের নির্বাচন বর্জন করেন।

এদিকে, ডা. শফিকুর রহমান ফেসবুক পোস্টে বলেন, দলীয় সরকারের অধীনে বগুড়া-৬ এবং শেরপুর-৩ আসনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দলীয় সরকারের অধীনে নির্বাচন কী হতে পারে, তার বিভৎস রূপ এরই মধ্যেই জাতির সামনে চলে এসেছে।

বিজ্ঞাপন

জামায়াত আমির বলেন, জাতীয় সংসদ একটি পবিত্র আমানতের জায়গা। সেই জায়গায় যারা আসবেন, তারা যদি জনগণের রায়কে গায়ের জোরে পালটে দিয়ে আসেন, তাহলে তাদের দ্বারা দেশ ও জাতির ক্ষতি ছাড়া লাভ হওয়ার কোনো সম্ভাবনা নেই। জনগণের রায়ের প্রতি যাদের আস্থা আছে, তারা গায়ের জোর কখনোই খাটাতে চায় না।

জামায়াতের অভিযোগ, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। পাশাপাশি জালভোট এবং প্রকাশ্যে সিল মারার ঘটনাও ঘটেছে। এসব বিষয়ে প্রিসাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অভিযোগ দেওয়া হলেও প্রতিকার পাওয়া যায়নি।

বগুড়া-৬ আসন:

এই আসনে নির্বাচনের প্রার্থীরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মো. রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল-আমিন তালুকদার।

১৫০টি ভোটকেন্দ্র ও ৮৩৫টি ভোটকক্ষে মোট ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন।

শেরপুর-৩ আসন:

এই নির্বাচনে বিএনপির মো. মাহমুদুল হক রুবেল, জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান মাসুদ এবং বাসদ (মার্কসবাদী) প্রার্থী মো. মিজানুর রহমান প্রতিদ্বদ্বিতা করছেন। ১২৮টি ভোটকেন্দ্রের ৭৫১টি ভোটকক্ষে ৪ লাখ ৯ হাজার ৮০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন।

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনে ভোটগ্রহণের দিনেই নির্বাচন বর্জনের ঘোষণা দেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মাসুদুর রহমান।

এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব আখতার আহমেদ বলেন, অভিযোগ খতিয়ে দেখা ও প্রতিবেদন পাঠানোর রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর