ঢাকা: প্রেরিত রেমিট্যান্সের নিষ্পত্তি প্রক্রিয়া আরও সুগম করা এবং ব্যাংকগুলোর পরিচালনগত দক্ষতা বাড়াতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে অনুমোদিত ডিলারদের (এডি) জন্য নির্ধারিত কাঠামো বাস্তবায়নের সময়সীমা বাড়ানো হয়েছে। তবে ব্যাংকগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে রূপান্তরকালীন সময়সীমা বাড়িয়ে আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-১ থেকে জারি করা সার্কুলারে এ তথ্য জানানো হয়।
সার্কুলারে বলা হয়েছে, এই বর্ধিত সময়ের মধ্যে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে নির্ধারিত শর্তাবলী মেনে আন্তঃসীমান্ত আগত পেমেন্ট বা রেমিটেন্স দ্রুত প্রক্রিয়াকরণ এবং সংশ্লিষ্ট গ্রাহকের হিসাবে সময়মতো জমা নিশ্চিত করতে হবে।
বাংলাদেশ ব্যাংক মনে করছে, এ সময়সীমা বৃদ্ধি ব্যাংকগুলোর প্রযুক্তিগত ও প্রক্রিয়াগত প্রস্তুতি সম্পন্ন করতে সহায়তা করবে, যার ফলে দেশে প্রবাসী আয় বা রেমিটেন্স ব্যবস্থাপনা আরও গতিশীল ও কার্যকর হবে।
সংশ্লিষ্ট সকল ব্যাংককে সার্কুলারের নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।