ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের প্রাইম ব্যাংক সমাপ্ত ২০২৫ সালের হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক লভ্যাংশ।
রোববার অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এই লভ্যাংশ ঘোষণা করা হয়।
সোমবার (৬ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর ওয়েবসাইটে এ তথ্য তুলে ধরা হয়।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সমাপ্ত ২০২৫ সালে ব্যাংকটির কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ৯১০ কোটি টাকা, যা আগের বছরের ৭৩২ কোটি টাকা থেকে ২৪ শতাংশ বেশি। একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়ে হয়েছে ৭ টাকা ৮৪ পয়সা, যা আগের বছর ছিল ৬ টাকা ৩১ পয়সা।
গত বছর ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪০ টাকা। আর শেয়ার প্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৫৮ টাকা ৭ পয়সা।
এদিকে, বছরের শেষে ব্যাংকটির মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৬৪ হাজার ৮৯০ কোটি টাকা। ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততার হার (সিআরএআর) ছিল ১৮ দশমিক ০৭ শতাংশ।
ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য আগামী ২১ মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ এপ্রিল।
উল্লেখ্য, ২০২৪ হিসাব বছরে ব্যাংকটি বিনিয়োগকারীদের ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল, এর মধ্যে ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ এবং ২ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ ।