Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ এপ্রিল থেকে দেশব্যাপী জাটকা সংরক্ষণ সপ্তাহ পালনের ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৬ ১৪:৩৫

ঢাকা: দেশের ইলিশ সম্পদ রক্ষায় আগামী ৭ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ পালনের ঘোষণা দিয়েছে সরকার।

সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন।

মন্ত্রী জানান, ইলিশের টেকসই ও স্থায়িত্বশীল উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রমের মধ্য দিয়ে এই সপ্তাহ পালন করা হবে। এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী’।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের ইলিশসমৃদ্ধ ২০টি জেলায় এই জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন করা হবে। আগামী ৭ এপ্রিল চাঁদপুর সদরে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। জাটকা নিধন রোধে মাঠপর্যায়ে জেলা ও উপজেলা ভিত্তিক নানা কর্মসূচি পালিত হবে।

মন্ত্রী উল্লেখ করেন, ইলিশের উৎপাদন বৃদ্ধির প্রধান বাধা হচ্ছে কারেন্ট ও বেহুন্দি জালের ব্যবহার। তাই সচেতনতার পাশাপাশি আইন প্রয়োগে কঠোর অবস্থানে থাকবে সরকার। চলতি বছরের শুরু থেকেই বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হচ্ছে এবং আগামী জুন পর্যন্ত দেশব্যাপী এই অভিযান অব্যাহত থাকবে। এছাড়া আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত বঙ্গোপসাগরে সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ থাকবে।

জেলেদের সুরক্ষা ও বিকল্প কর্মসংস্থানের বিষয়ে মন্ত্রী বলেন, জাটকা রক্ষায় জেলেদের জন্য ভিজিএফ খাদ্য সহায়তা বৃদ্ধি করা হয়েছে। ৩ লাখ ৬৭ হাজার জেলে পরিবারকে মাসিক ৪০ কেজি হারে চাল বিতরণ করা হচ্ছে এবং প্রজনন মৌসুমেও বিশেষ সহায়তা প্রদান করা হচ্ছে। একইসঙ্গে ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে জেলেদের প্রশিক্ষণ ও বিভিন্ন উপকরণ দিয়ে স্বাবলম্বী করার প্রচেষ্টা চলছে।

সারাবাংলা/এফএন/এনজে