Sunday 05 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারাগারে ডিভিশন সুবিধা চাইলেন শাহরিয়ার কবির

স্টাফ করেসপন্ডেট
৫ এপ্রিল ২০২৬ ১৬:০২

ঢাকা: শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত হত্যাযজ্ঞ ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাবন্দি লেখক ও সংগঠক শাহরিয়ার কবির কারাগারে ডিভিশন সুবিধা চেয়ে আবেদন করেছেন।

রোববার (৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

শাহরিয়ার কবিরের পক্ষে শুনানি করেন আইনজীবী পিএম মেহেদী হাসান। তিনি আদালতকে জানান, তার মক্কেল প্রায় এক বছর সাত মাস ধরে কারাগারে রয়েছেন এবং তিনি বাংলা অ্যাকাডেমি পুরস্কারপ্রাপ্ত একজন বিশিষ্ট ব্যক্তি। সেই বিবেচনায় কারাবিধি অনুযায়ী তিনি ডিভিশন সুবিধা পাওয়ার যোগ্য।

বিজ্ঞাপন

অন্যদিকে, রাষ্ট্রপক্ষের কৌঁসুলি গাজী এম এইচ তামিম এই আবেদনের বিরোধিতা করে বলেন, একই মামলার অন্যান্য আসামিদের ক্ষেত্রেও একই দাবি উঠতে পারে। এছাড়া, এ ধরনের সুবিধার জন্য আগে কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করা উচিত বলেও তিনি উল্লেখ করেন।

উভয় পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল তাৎক্ষণিক কোনো আদেশ দেননি। বিষয়টি পরে বিবেচনা করে সিদ্ধান্ত দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এদিকে, মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ জুন দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। এদিন শাহরিয়ার কবিরসহ ছয় আসামিকে আদালতে হাজির করা হয়। অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক আইজিপি একেএম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম এবং সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর