ঢাকা: সারাদেশে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত রয়েছে, যা আগামী কয়েকদিন আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) পূর্বাভাস অনুযায়ী, আজ শুক্রবার (৩ এপ্রিল) থেকে রাজধানী ঢাকাসহ দেশের ৫টি বিভাগে তাপপ্রবাহের প্রভাব বাড়তে পারে। বিশেষ করে রাজশাহী ও খুলনা বিভাগে গরমের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে।
নতুন পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা ও রাজশাহীর পাশাপাশি ঢাকা, বরিশাল ও রংপুর বিভাগের বিভিন্ন জেলায় নতুন করে তাপপ্রবাহ ছড়িয়ে পড়তে পারে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, যশোর ও খুলনাসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে তাপমাত্রা ৩৭ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে। এছাড়া দিনাজপুর, রংপুর, ফরিদপুর, মাদারীপুর ও বরিশালসহ দেশের মধ্যাঞ্চলেও তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে।
আবহাওয়াবিদদের মতে, চলমান এই তাপপ্রবাহ আগামী ৬ এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে এই সময়ের মধ্যে দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হতে পারে, যা সাময়িকভাবে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনতে পারে। বর্তমান পরিস্থিতিতে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরাসরি রোদে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ এই সময়ে হিটস্ট্রোকের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। নাগরিকদের পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণের পাশাপাশি ছায়াযুক্ত স্থানে অবস্থান করার অনুরোধ জানিয়েছে আবহাওয়া সংশ্লিষ্ট সংস্থাটি।