ঢাকা: বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর মো. মোস্তাকুর রহমান-এর সঙ্গে তার কার্যালয়ে আজ বিকালে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের সহকারি মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এ তথ্য জানায়।
সাক্ষাৎকালে গভর্নর দেশের বর্তমান সামষ্টিক অর্থনৈতিক অবস্থা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতি এবং পরিবর্তিত বৈশ্বিক বাণিজ্য পরিবেশ—বিশেষত শুল্ক-পরবর্তী বিশ্বে উদ্ভূত চ্যালেঞ্জসমূহ—সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। তিনি ইউরোপীয় বাজারে বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বৈদেশিক মূলধন স্থানান্তর, পেমেন্টে বিলম্বসহ কিছু কার্যক্রমগত বিষয় উত্থাপন করেন। এ প্রেক্ষিতে গভর্নর এসব বিষয়ে দ্রুত ও কার্যকর সমাধানের আশ্বাস প্রদান করেন।
এছাড়াও মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি, জিএসপি প্লাস সুবিধা এবং এলডিসি উত্তরণ-পরবর্তী বাংলাদেশের সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়ে উভয়ের মধ্যে মতবিনিময় হয়।
গভর্নর বাংলাদেশের শিল্পখাতে ব্যবহৃত জার্মান যন্ত্রপাতির উচ্চমানের প্রশংসা করেন। অপরদিকে রাষ্ট্রদূত বাংলাদেশের অর্থনীতির ধারাবাহিক প্রবৃদ্ধি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং জার্মানিকে একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করেন। তিনি জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন থেকে আরও ব্যবসায়িক প্রতিনিধিদল বাংলাদেশে আনয়নে আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাৎ শেষে গভর্নর রাষ্ট্রদূতকে তার সফরের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।