ঢাকা: বাংলাদেশে নারী আর্থিক অন্তর্ভুক্তির অগ্রগতি আরও সুসংহত করতে ‘উইমেনস ফিনান্সিয়াল ইনক্লুশন ডাটা ড্যাশবোর্ড’-এ পুঁজিবাজার ও বীমা খাত সংশ্লিষ্ট নতুন ওয়েব পেজ যুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার(২ এপ্রিল)বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ ব্যাংক-এর এনএফআইএস অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট এবং সুইজারল্যান্ডভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান কনসিউমার সেন্ট্রিক্স-এর যৌথ উদ্যোগে গত মঙ্গলবার (৩১ মার্চ) আয়োজিত এক অনুষ্ঠানে এ ওয়েব পেজগুলোর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. হাবিবুর রহমান, ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংক। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী, বীমা কোম্পানি, পুঁজিবাজার মধ্যস্থতাকারী ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, ২০২৪ সালের মার্চ থেকে ব্যাংক, ফাইন্যান্স কোম্পানি, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান ও এমএফএস প্রদানকারীদের লিঙ্গভিত্তিক তথ্য ত্রৈমাসিক ভিত্তিতে এই ড্যাশবোর্ডে হালনাগাদ করা হচ্ছে। নতুন করে পুঁজিবাজার ও বীমা খাত যুক্ত হওয়ায় এখন এই প্ল্যাটফর্মে দেশের নারী আর্থিক অন্তর্ভুক্তির একটি আরও পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে।
বক্তারা আশা প্রকাশ করেন, এই ড্যাশবোর্ড নারীদের আর্থিক কার্যক্রমে অংশগ্রহণের সর্বশেষ অবস্থা তুলে ধরে নীতিনির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কার্যকর ভূমিকা রাখবে।