Thursday 02 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবক

সিনিয়র করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৬ ১৪:৪৩

ঢাকা: ভয়াবহ ভূমিকম্প পরবর্তী জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং উদ্ধার তৎপরতা বেগবান করতে ১ লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের একটি বিশাল খসড়া তালিকা তৈরি করেছে সরকার।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

তিনি জানান, বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বয়ে এই স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করা হচ্ছে, যারা দুর্যোগের মুহূর্তে দ্রুত সাড়া দিতে সক্ষম হবে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কেবল স্বেচ্ছাসেবক তৈরিই নয়, ভূমিকম্প পরবর্তী সময়ে আক্রান্তদের নিরাপদ আশ্রয়ের বিষয়টিও নিশ্চিত করতে কাজ করছে সরকার। এরই মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৪৪৫টি স্থানকে আশ্রয়কেন্দ্র হিসেবে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হয়েছে। কোনো বড় ধরনের কম্পন বা ভবন ধসের ঘটনা ঘটলে এই কেন্দ্রগুলো সাধারণ মানুষের প্রাথমিক আশ্রয় ও জরুরি চিকিৎসার কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহৃত হবে।

বিজ্ঞাপন

মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করা সম্ভব নয়, তবে পূর্বপ্রস্তুতি ও জনসচেতনতা থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কমিয়ে আনা সম্ভব।

ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে শিক্ষা খাতের ওপর বিশেষ গুরুত্বারোপ করছে। ত্রাণমন্ত্রী জানান, দেশের শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকম্প বিষয়ে সচেতন করতে এবং জানমাল রক্ষার কৌশল শেখাতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করার কথা ভাবছে সরকার। এ ছাড়া ভূমিকম্পের মতো গুরুতর বিষয়টিকে স্থায়ীভাবে জাতীয় শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করার বিষয়েও সংশ্লিষ্টদের মধ্যে নীতিগত আলোচনা হয়েছে। এর ফলে ভবিষ্যৎ প্রজন্ম শৈশব থেকেই দুর্যোগকালীন করণীয় সম্পর্কে সম্যক ধারণা লাভ করবে।

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু আরও জানান, স্বেচ্ছাসেবকদের এই খসড়া তালিকাটি চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে এবং তাঁদের আধুনিক সরঞ্জাম ও প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে মাঠপর্যায়ে কাজের উপযোগী করে তোলা হবে। সরকারের এই সমন্বিত উদ্যোগগুলো ভূমিকম্পের মতো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগে জানমালের নিরাপত্তা বিধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

সূচকে বড় পতন, লেনদেনও কমেছে
২ এপ্রিল ২০২৬ ১৬:১০

আরো

সম্পর্কিত খবর