Thursday 02 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতারণার মামলায় গায়ক নোবেলের জামিন বাতিল, কারাগারে আটক

স্টাফ করেসপন্ডেট
২ এপ্রিল ২০২৬ ১৪:৩৭

গায়ক মাইনুল আহসান নোবেল।

ঢাকা: বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে আটকে রেখে হেনস্তা এবং আপত্তিকর ছবি তৈরির চেষ্টাসহ ১৩ লাখ টাকা প্রতারণার মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ বৃহস্পতিবার (২ এপ্রিল) শুনানির পর এ আদেশ দেন।

বাদীর আইনজীবী নাসিদুস জামান নিশান (প্রিন্স) জানান, নোবেল জামিনে মুক্তি পেয়ে আপসের শর্ত ভঙ্গ করেছেন। বিয়ে করার কথা থাকলেও, তা করেননি এবং প্রতারণার টাকাও ফেরত দেননি।

এর আগে, গত ২৪ ফেব্রুয়ারি একই আদালত আপসের শর্তে নোবেলকে জামিন দেন। নোবেলকে গ্রেফতার করা হয়েছিল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ২৩ ফেব্রুয়ারি।

বিজ্ঞাপন

মামলা দায়ের করেন আনাননিয়া শবনম রোজ (অনন্যা)। অভিযোগে বলা হয়, নোবেল এবং তার পরিবার-পরিচিতজন ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে গত বছরের জুন পর্যন্ত প্রেমের ফাঁদে ফেলে ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা আত্মসাৎ করেছেন। বাদীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টা করা হয়। তদন্তের দায়িত্ব দেওয়া হয় পিবিআইকে, এবং তাদের প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়। ২ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।