ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, ধানমণ্ডি লেকের পরিবেশ সিটি করপোরেশন ও পুলিশের পক্ষে রক্ষা করা সম্ভব নয়। সবার সহযোগিতা ছাড়া পরিবেশ রক্ষা করা যাবে না, তাই সবার সহযোগিতা প্রয়োজন। এই লেকের চারপাশের পরিবেশ কমার্শিয়াল নয়, রেসিডেন্সিয়াল করতে চাই।
বুধবার (১ এপ্রিল) দুপুরে রাজধানীর ধানমন্ডি লেক পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, ধানমণ্ডি লেক দেখে মনে হচ্ছে পুরোটাই রেস্টুরেন্ট দখল করে ফেলবে। ধানমন্ডি একটি রেসিডেনশিয়াল এরিয়া। সমাজের বিত্তবান, সমাজের উচ্চ পর্যায়ের লোকজন, বুদ্ধিজীবী, লেখক, সাংবাদিক, বিভিন্ন পর্যায়ের মানুষ এখানে বসবাস করে। কৃষ্টিবান যারা সংস্কৃতির সাথে জড়িত, সাহিত্যের সাথে জড়িত, আমরা সেই ধরনের একটা পরিবেশ এখানে বজায় রাখতে চাই। সেই পরিবেশটা আমরা ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। ধানমণ্ডি লেককে পুরনো অবস্থায় ফিরিয়ে নিতে- কী কী করা দরকার সেটা করব।
তিনি বলেন, আমার একটা কমিটি করে দেবো। উনারাই পর্যবেক্ষণ করবেন, ওনারাই মতামত দেবেন এবং সেটার ভিত্তিতেই ইনশাল্লাহ আমরা এটা রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করবো। লোকাল কমিউনিটি যারা আছে, তারা যদি এখানে ইনভল্ভ না হয়- তাহলে এলাকার পরিবেশ ভালো রাখা যাবে না। পুলিশ দিয়েও সম্ভব না, সিটি কর্পোরেশন দিয়েও সম্ভব না। এই কারণে লোকাল যারা তাদের সহযোগিতা চাই।
আমরা দেখে থাকি বিভিন্ন সময়ে সিটি কর্পোরেশন অভিযান পরিচালনা করার পর কিছুদিন বাদে জায়গাটি আবার দখল হয় বা আবার নতুন করে কমার্শিয়াল এরিয়া তৈরি হয়। আপনি যেহেতু উদ্যোগ নিচ্ছেন সেক্ষেত্রে এটা কতটুকু কার্যকর হবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সবকিছু নির্ভর করে জনগণের উপরে। জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল, দেশ স্বাধীন করতে পেরেছিলাম। জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল ২৪- এর অভ্যুত্থান হয়েছে। কাজেই ধানমন্ডি এলাকার যে সমস্ত লোকজন আছেন, ওনারা যদি ঠিকভাবে চান তাহলে এটা ঠিকভাবে থাকবে। ওনাদের হাতে আমি ছেড়ে দিতে চাই, ওনারাই রক্ষণাবেক্ষণ করুক।