ঢাকা: মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবিতে সরকারকে ১৫ দিনের আল্টিমেটাম দিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে নির্যাতিত নারীদের তালিকা প্রকাশ এবং তাদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মন্ত্রিপরিষদ সচিব, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এর মহাপরিচালকের কাছে এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, সরকার স্বীকৃতিপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সুবিধা প্রদান করলেও স্বাধীনতার দীর্ঘ সময় পার হলেও এখনো ৩০ লাখ শহিদ এবং সম্ভ্রম হারানো প্রায় ২ লাখ নারীর পূর্ণাঙ্গ ও যাচাইকৃত তালিকা প্রকাশ করা হয়নি। এটিকে একটি ঐতিহাসিক অবিচার ও জাতীয় ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়, আগামী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট তালিকা প্রস্তুত করে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করতে হবে। পাশাপাশি শহিদ পরিবার ও নির্যাতিত নারীদের পরিবারের সদস্যদের জন্য সম্মানজনক আর্থিক ক্ষতিপূরণ প্রদানে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়ন না হলে এ বিষয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।