Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশি আলু রফতানির জন্য ভিয়েতনামের বাজার উন্মুক্ত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৮ মার্চ ২০২৬ ০৮:৪৮ | আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১০:২৫

ভিয়েতনাম সরকার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের আলু রফতানির জন্য তাদের বাজার উন্মুক্ত করেছে।

শুক্রবার (২৭ মার্চ) ভিয়েতনামের কৃষি ও পরিবেশ মন্ত্রণালয় বাংলাদেশ থেকে আলু আমদানির অনুমোদন প্রদান করে।

হ্যানয়ের বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ভিয়েতনামের বিধি অনুযায়ী, কোনো দেশ আলু রফতানি করতে চাইলে তাদের কৃষি ও পরিবেশ মন্ত্রণালয়ে নিবন্ধন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। পরবর্তীতে কর্তৃপক্ষ সেসব তথ্য যাচাই-বাছাই করে সন্তুষ্ট হলে অনুমোদন প্রদান করে।

হ্যানয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস, বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে ২০২৫ সালের মে মাসে নিবন্ধন প্রক্রিয়া শুরু করে। এই প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হওয়ায় শুক্রবার থেকে বাংলাদেশ ভিয়েতনামে আলু রফতানির জন্য যোগ্যতা অর্জন করেছে।

বিজ্ঞাপন

বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান বলেন, এ অর্জন বাংলাদেশের আলু রপ্তানিকারকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করবে এবং একই সঙ্গে স্থানীয় কৃষকরাও উপকৃত হবেন । তিনি উল্লেখ করেন যে, ভিয়েতনামে আলুর ব্যাপক চাহিদা রয়েছে এবং এই রপ্তানি উদ্যোগ দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি হ্রাসে সহায়ক হবে।

রাষ্ট্রদূত আরও আশাবাদ ব্যক্ত করেন যে, এ অর্জন বাংলাদেশের অন্যান্য উদ্ভিদজাত পণ্য যেমন তিল ভিয়েতনামে রফতানির পথ সুগম করবে। তিনি বলেন, দূতাবাস বাংলাদেশি কৃষিপণ্যের জন্য ভিয়েতনামের বাজারে আরও প্রবেশাধিকার সম্প্রসারণে কাজ অব্যাহত রাখবে।

সারাবাংলা/একে/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর