Wednesday 01 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই সনদ বাস্তবায়ন থেকে সরে গেছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২৬ ১৮:৫৮ | আপডেট: ২৩ মার্চ ২০২৬ ২২:৪৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

কক্সবাজার: ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে বর্তমান সরকারি দল বিএনপি ‘১৮০ ডিগ্রি ঘুরে গেছে’ বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সোমবার (২৩ মার্চ) দুপুরে কক্সবাজার বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘সহস্রাধিক প্রাণ ও হাজারো মানুষের পঙ্গুত্বের বিনিময়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম, তা সরকার গঠন করার পর প্রতিফলিত হচ্ছে না। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জুলাই সনদ বাস্তবায়নের যে অঙ্গীকার করেছিল, তারা এখন তা থেকে সরে এসেছে।’

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করেন, জুলাই সনদকে চ্যালেঞ্জ না করার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও একটি পক্ষকে দিয়ে আদালতে রিট করে বিষয়টি বিচারাধীন (সাব-জুডিস) করা হয়েছে। তিনি বলেন, সরকারের পরোক্ষ সহায়তায় এটি করা হয়েছে। একদিকে জনগণের কথা বলা, অন্যদিকে নেপথ্যে ভিন্ন কৌশল নেওয়া। একে দ্বিচারিতা ছাড়া আর কী বলা যায়।

গণভোট প্রসঙ্গ তুলে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জাতীয় নির্বাচনে প্রাপ্ত ভোটের তুলনায় গণভোটের পক্ষে জনসমর্থন বেশি ছিল। আইন মানুষের জন্য, মানুষ আইনের জন্য নয়। তাই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে ‘জুলাই সনদ’কে অস্বীকার করা গণতন্ত্রকামী দলের কাজ হতে পারে না।’

সরকারের প্রতি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরে তিনি আরও বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করে ‘জুলাই জাতীয় সনদকে প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। এটিই এখন সংকট নিরসনের একমাত্র পথ। সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে। পার্লামেন্টে সমাধান নেবেন, নাকি জনগণকে আবার রাজপথে নামতে বাধ্য করবেন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর