Friday 20 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে ট্রেন যাত্রায় গাফিলতি পেলে শাস্তির আওতায় আনা হবে: রেলপথ প্রতিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৬ ১৪:২৪

– ছবি : সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: ঈদে ট্রেন যাত্রায় গাফিলতি ও অব্যবস্থাপনার অভিযোগ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে- বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

শুক্রবার চট্টগ্রাম রেল স্টেশনে পরিদর্শনকালে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

অপর এক প্রশ্নের জবাবে রেলপথ প্রতিমন্ত্রী বলেন, কানেক্টিং ট্রেনগুলোর যে জায়গায় দুর্বলতা আছে সেগুলো দূর করতে আমরা কাজ করছি। আমরা যাত্রীদের সাথেও কথা বলছি। যাত্রীদের অভিযোগ কানেক্টিং ট্রেনগুলো কোথাও কোথাও দেরি হচ্ছে। সেই সমস্যাগুলো দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে চাই।

তিনি বলেন, যাত্রী হিসেবে নিজেরাই ট্রেন জার্নি করছি। সেকারণে সাধারণ যাত্রীদের কী সমস্যা হচ্ছে- তা দেখে সমাধানে কাজ করছি।

বিজ্ঞাপন

চট্টগ্রামের পাহাড়িকা এক্সপ্রেস ও বিজয় এক্সপ্রেস ট্রেনের বিলম্ব বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এই দুইটার বিষয়ে আমরা কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছি। এসব সমস্যা কমাতে ও যাত্রী ভোগান্তি দূর করতে আমরা নির্দেশনা দিয়েছি।

এবারে ট্রেনে ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি জানতে চাইলে তিনি বলেন, আসলে এটি আমাদের চেয়ে আপনারা আরো ভালো বলতে পারবেন। যেহেতু আপনারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। আমরাও আপনাদের রিপোর্টের উপর ভিত্তি করে নিজেরা কাজ করছি। সেই সঙ্গে বিভিন্ন জায়গায় যখনই আমরা সোশ্যাল মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়ার কোন রিপোর্ট পাচ্ছি। সেখানেও আমরা দেখছি। সাথে সাথেই সেটি কাজটি কীভাবে আরো সুন্দর করা যায়। সেখানে গাফিলিতি রয়েছে কি না। গাফিলিতি থাকলে সে গাফিলিতে কীভাবে পূরণ করা যায় এবং যারা এই অব্যবস্থাপনার সাথে জড়িত তাদেরকে কীভাবে শাস্তির আওতায় আনা যায়- সে কাজগুলো আমরা করছি এবং আমরা নিজেরাও সার্বক্ষণিক মনিটরিংয়ের মধ্যে আছি।

কারও বিরুদ্ধে অব্যবস্থাপনা প্রমাণ পেলে শাস্তির আওতায় আনা হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, হ্যাঁ অবশ্যই, নীল সাগর ট্রেনটি আমাদের যে সমস্যা হয়েছে সেখানে আমরা স্টেশন মাস্টার এবং চালককে সাসপেন্ড করেছি, তদন্ত কমিটি করেছি, আরো কারো গাফলতি থাকলে তাদেরকে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছি।

ঈদের ট্রেন যাত্রা নিয়ে যাত্রীদের অভিব্যক্তি কেমন- জানতে চাইলে রেল প্রতিমন্ত্রী বলেন, যাত্রীদের অভিব্যক্তি মোটামুটি ভালো ছিল। কিন্তু কানেক্টিং ট্রেনগুলিতে তাদের দেরি হয়েছে। সেই জায়গায় তাদের অভিযোগ ছিল এবং এই কারণে আমি আসার পর যে জিনিসটি তাদের অভিযোগ যে, তারা অনেকে ময়মনসিং জামালপুর থেকে এসেছে। অনেকেই সিলেট থেকে এসেছে। কানেক্টিং ট্রেনগুলোতে তাদের দেরি হচ্ছে।

তিনি বলেন, এ ভোগান্তির কথা যাত্রীরা আমাদের বলেছে। সাথে সাথে আমি রেল কর্তৃপক্ষকে বলেছি-  যাতে এই ভোগান্তি দূর করা হয় এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

এর আগে রেল স্টেশনে অপেক্ষমান যাত্রীদের সাথে কথা বলেন রেলপথ প্রতিমন্ত্রী। তিনি তাদের কাছে ট্রেন যাত্রার বিষয়ে জানতে চান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর