নওগাঁ: নওগাঁর সাপাহার উপজেলায় একটি আমবাগান থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার আইহাই ইউনিয়নের গৌরীপুর গ্রামের একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, গৌরীপুর গ্রামের মনসুর আলীর আমবাগানে কাজ করতে গিয়ে এক ব্যক্তি বাগানের ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেনকে জানান। পরে ইউপি সদস্য বিষয়টা সাপাহার থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে এলাকাবাসীর ধারণা। তবে এখনও পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রযুক্তির সহায়তায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।