ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশের অর্থনীতি ও জিডিপি গণনায় নারীদের গৃহস্থালি কাজের মূল্যায়ন করা হলে বাংলাদেশের জিডিপি বর্তমানের তুলনায় তিনগুণ বেশি হতো।
সোমবার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, সদ্য সমাপ্ত নির্বাচনে নারী কর্মকর্তাদের পারফরম্যান্স ছিল প্রশংসনীয়। ভোটের পর অনেক অনিয়মের অভিযোগ আমার কাছে এসেছে, কিন্তু মজার বিষয় হলো তদন্ত করে দেখেছি অভিযুক্তদের সবাই পুরুষ প্রিসাইডিং অফিসার। কোনো নারী প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে এখন পর্যন্ত আমি পক্ষপাতিত্ব বা অনিয়মের অভিযোগ পাইনি। ভবিষ্যতে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ নারী নির্বাচন কর্মকর্তাদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করার পরিকল্পনাও জানান তিনি।
এএমএম নাসির উদ্দিন বলেন, আগে নারী ও পুরুষ ভোটারের মধ্যে প্রায় ৩০ লাখের ব্যবধান ছিল। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের ফলে সেই গ্যাপ এখন ১০ লাখে নেমে এসেছে। আমি নিজে দেখেছি রাত ১০টা-১১টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে মহিলারা ভোটার রেজিস্ট্রেশন করেছেন। এই দৃশ্য অভাবনীয়।
তিনি আরও বলেন, নির্বাচন ভালো হলে সাধারণত ভোট শেষ হওয়ার পর কিছু রাজনৈতিক আপত্তি ওঠে, যা আমাদের দেশের কালচার। কিন্তু মাঠ পর্যায়ে ভোটাররা ভোট দিতে পারেননি এমন কোনো অভিযোগ আমি এখনো শুনিনি।
দেশের অর্থনীতিতে রেমিট্যান্স ও গার্মেন্টস সেক্টরে নারীদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি মূলত দাঁড়িয়ে আছে নারীদের ওপর, তাই তাদের কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই।
নারীদের অবদান যুক্ত করলে জিডিপি হতো তিনগুণ: সিইসি
সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২৬ ১৫:৪৫ | আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১৭:১৫
১৬ মার্চ ২০২৬ ১৫:৪৫ | আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১৭:১৫