ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, জাতির কাছে যে ওয়াদা ছিল তা পূরণ করেছি।
সোমবার (১৬ মার্চ) আগারগাঁয়ে নির্বাচন কমিশন ভবনের বেজমেন্টের অডিটরিয়ামে নারী দিবস উপলক্ষ্যে ইউএনডিপি ও ইসির যৌথ উদ্যোগে নির্বাচনি প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ জোরদার করা বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, আমার আগ্রহের কেন্দ্রবিন্দু কিন্তু নির্বাচন।
এ সময় তিনি সুন্দর নির্বাচনের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি শতশত মানুষকে জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ বলতে পারেনি যে আমি আমার ভোট দিতে পারিনি। এ নির্বাচনে আমি অনেক বয়স্ক নারীদের জিজ্ঞেস করেছি যে আপনারা কোনো বাধা-বিপত্তি পেয়েছেন কিনা? সবাই আমাকে বলেছেন, না আমরা কোনো বাধা পাইনি। আমি একজনেরও কথা শুনিনি যে তারা ভোট দিতে পারেননি।’
সিইসি বলেন, সবাই মিলে আমরা যে নির্বাচন করেছি এজন্য আমি আনন্দিত। আমি আনন্দিত এজন্য যে আমি জাতির কাছে যে ওয়াদা ছিল তা পূরণ করেছি। এবার নির্বাচনে কিন্তু অনেক নারী ভোটের প্রক্রিয়ায় যুক্ত হয়েছে।
অনেক ক্ষেত্রে অপপ্রচারের কারণে নারীদের অবদানকে খাটো করে দেখানো হয়। এ অপপ্রচার বন্ধ করতে হবে। যখন আমরা আরও সভ্যতার দিকে এগিয়ে যাব, এটা আস্তে আস্তে কমে আসবে। নারীরা সমাজ গঠনে যত এগিয়ে আসবে, আমরা ততই উন্নয়ন করব। নারী উন্নয়নে আমাদের আরও কাজ করতে হবে।
এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়ার বেশ কয়েকদিন পার হলেও আঙুলের কালি না ওঠায় হাস্যরসের ছলে তিনি বলেন, ‘কালি তো উঠছে না। ভয় হচ্ছে সামনের লোকাল গভর্নমেন্ট (স্থানীয় সরকার) নির্বাচনে এই কালি নিয়ে ভোট দিতে গেলে আবার ধরা খাই কি না!’
সিইসি জানান, নির্বাচনের পর তার এক সাবেক সহকর্মী ফেসবুকে তাকে উদ্দেশ্য করে পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, আপনি কি কালি লাগিয়েছেন? এই কালি তো উঠছে না।’
এ প্রসঙ্গে নাসির উদ্দিন আরও বলেন, আমি নিজেও চেক করে দেখেছি, আমার হাতের কালি এখনো আছে। আমি জানি না স্টিভ লিজ (সরবরাহকারী) কী ম্যাজিক করেছেন। বাংলাদেশের ইতিহাসে এবারই আমরা সেরা মানের কালি দিয়েছি। সাধারণত ভোট দিয়ে ঘষা দিলে কালি চলে যায়, কিন্তু এবারের কালি অবিশ্বাস্য রকম টেকসই।
কালির মান যেমন টেকসই ছিল, নির্বাচনও তেমনি সুন্দর হয়েছে বলে দাবি করেন সিইসি।