মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের মেঘনার শাখা রজতরেখা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক নবম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
সোমবার (১৬ মার্চ) সকাল ১০টার দিকে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের নলবুনিয়াকান্দি এলাকার গুদারাঘাট সংলগ্ন মেঘনার শাখা রজতরেখা নদী থেকে আবির হোসেন (১৫) নামে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আবির হোসেন মুন্সীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। সে সদর উপজেলার সৈয়দপুর এলাকার মো. আকতার হোসেনের ছেলে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রোববার (১৫ মার্চ) দুপুর ২টার দিকে আবির হোসেন তার তিন বন্ধুর সঙ্গে চরকেওয়ার ইউনিয়নের নলবুনিয়াকান্দি এলাকার গুদারাঘাট সংলগ্ন মেঘনার শাখা রজতরেখা নদীতে গোসল করতে নামেন। এ সময় চার বন্ধু একসঙ্গে নদীতে নামলেও তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। কিন্তু আবির হোসেন পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়।
খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ডুবুরি দল রোববার (১৫ মার্চ) বিকেল থেকেই উদ্ধার অভিযান চালায়। পরে সোমবার (১৬ মার্চ) সকাল ১০টার দিকে প্রায় ২০ ফুট পানির নিচ থেকে আবির হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।