Monday 16 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাইব্যুনালে হাজির সাবেক এমপি ফজলে করিম

স্টাফ করেসপন্ডেট
১৬ মার্চ ২০২৬ ১২:৪০ | আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১৩:৩৪

সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরী।

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে তাকে ট্রাইব্যুনালে আনা হয়। এদিন মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।

এদিকে এই মামলাকে ঘিরে সম্প্রতি বিতর্কের জন্ম দিয়েছেন পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। অভিযোগ রয়েছে, ফজলে করিমের জামিনের বিষয়ে সহযোগিতার বিনিময়ে তার পরিবারের কাছে এক কোটি টাকা ঘুষ দাবি করেন তিনি। ঘুষ দাবির কথোপকথনের একাধিক ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এ ঘটনার পর গত ১০ মার্চ চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম পাঁচ সদস্যের একটি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করেন।

বিজ্ঞাপন

এর আগে, গত ১২ জানুয়ারি ফজলে করিমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সেদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আট সপ্তাহ সময় চান প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। পরে ট্রাইব্যুনাল আজকের দিনটি নির্ধারণ করেন।

ওই দিন ফজলে করিমের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী রিজওয়ানা ইউসুফ। শুনানিতে তিনি নিজের বিরুদ্ধে সাইবার বুলিংয়ের অভিযোগ তুলে সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে জড়িয়ে বক্তব্য দেন।

এই মামলায় ফজলে করিমসহ মোট পাঁচজন গ্রেফতার রয়েছেন। অন্যরা হলেন- চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার সাইফুল ইসলাম, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম ও মো. ফিরোজ। তাদেরও এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

২০২৫ সালের ৮ এপ্রিল ফজলে করিমের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী এম আবদুল কাইয়ুম। তবে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। এর আগে একই বছরের ১৬ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনের সময় কলেজছাত্র ওয়াসিম আকরাম নিহত হন। পরে একই বছরের ১৮ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ থানায় তার মা জোছনা বেগম হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ প্রায় ২৫০ জনকে আসামি করা হয়। পরবর্তীতে জুলাই-আগস্ট আন্দোলনের সময় চট্টগ্রামে ওয়াসিমসহ ১১ জন হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে একটি মামলা করা হয়, যেখানে ফজলে করিমসহ বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর