Sunday 15 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‎চলছে শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৬ ১৫:০০

নির্বাচন ভবন। ছবি: সারাবাংলা

ঢাকা: ‎আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের ভোটে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করছেন রিটার্নিং কর্মকর্তারা।

‎রোববার (১৫ মার্চ) নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানা গেছে।

ইসি কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, শেরপুর-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল তালেব মো. সাইফুদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, স্বতন্ত্র থেকে মো. আমিনুল ইসলাম, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান প্রার্থী হিসেবে বৈধ হয়েছেন।

‎গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এই আসনের একজন বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় ভোট স্থগিত করে ইসি। ‎পরে নতুন তফসিল দিয়ে নির্বাচন করছে সংস্থাটি।

বিজ্ঞাপন

‎অন্যদিকে বগুড়া-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার বৈধ প্রার্থী।

এই আসনে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করে জয়ী হন। কিন্তু সংসদে একইসঙ্গে দুটি আসনের সদস্য থাকার আইন না থাকায় ঢাকা-১৭ আসনটি ধরে রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন তিনি।

পরবর্তী আসনটি শূন্য ঘোষণা করে নতুন করে তফসিল দেয় কমিশন।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, প্রতীক পাওয়ার পর প্রার্থীরা প্রচার চালাতে পারবে। এই দুই আসনে ভোটগ্রহণ হবে ৯ এপ্রিল।

‎সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর