নওগাঁ: নওগাঁর মহাদেবপুর উপজেলায় গৌতম সরকার (৪৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শিবগঞ্জ বাজার এলাকায় ওই ব্যক্তির নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গৌতম সরকার ওই এলাকার অরুণ সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে তার স্ত্রী ও সন্তান তাকে ছেড়ে চলে যায়। এরপর থেকে তিনি একাই ওই বাড়িতে বসবাস করতেন। আজ সকালে ঘর থেকে দুর্গন্ধ বের হতে থাকলে স্থানীয় লোকজন বিষয়টি থানায় জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’