Tuesday 10 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ হাজার কোটি টাকার তহবিল চায় রিহ্যাব

স্টাফ করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২৬ ১৭:২৭ | আপডেট: ১০ মার্চ ২০২৬ ১৯:০৮

– ছবি : সংগৃহীত

ঢাকা: মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাব মোকাবিলা এবং আবাসন খাত সচল রাখতে ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল সহায়তা চেয়েছে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। পাশাপাশি সাধারণ মানুষের জন্য গৃহঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার দাবিও জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার(১০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মুস্তাকুর রহমানের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান রিহ্যাবের সভাপতি ওয়াহিদুজ্জামান।

তিনি বলেন, ইরান-ইসরাইল সংঘাতের কারণে বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাব দেশের আবাসন খাতেও পড়ছে। এই পরিস্থিতিতে নির্মাণ কার্যক্রম অব্যাহত রাখতে খাতটির জন্য ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল সহায়তার আবেদন করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিষয়টি মনোযোগ দিয়ে শুনেছেন এবং ইতিবাচক আশ্বাস দিয়েছেন।

বিজ্ঞাপন

ওয়াহিদুজ্জামান বলেন, খাদ্য, বস্ত্র ও বাসস্থানের মতো মৌলিক চাহিদা পূরণে স্বল্প সুদের গৃহঋণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমানে উচ্চ সুদের কারণে অনেক মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের পক্ষে বাড়ি কেনা কঠিন হয়ে পড়েছে। তাই গৃহঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার সুযোগ তৈরি করার আহ্বান জানানো হয়েছে।

বৈঠকে রিহ্যাব আরও কয়েকটি প্রস্তাব তুলে ধরে। এর মধ্যে রয়েছে—গ্রিন বিল্ডিং, সৌরবিদ্যুৎ ও পরিবেশবান্ধব নির্মাণে বিশেষ অর্থায়ন সুবিধা প্রদান, জেলা ও উপজেলা শহরে আবাসন প্রকল্পে বিশেষ অর্থায়নের ব্যবস্থা এবং ঢাকার ওপর চাপ কমাতে এসব এলাকায় কম সুদে আবাসন ঋণ সুবিধা চালু করা।

সংগঠনটির দাবি, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের সরবরাহকৃত তালিকায় আবাসন বা নির্মাণ খাতকে অনুৎপাদনশীল খাত হিসেবে উল্লেখ করা হয়েছে। অথচ এ খাতে প্রায় ৪০ লাখ মানুষের কর্মসংস্থান রয়েছে এবং এখানে শ্রমিক অসন্তোষও নেই। তাই আবাসন খাতকে উৎপাদনশীল খাত হিসেবে ঘোষণা করার দাবি জানানো হয়েছে।

রিহ্যাবের মতে, এসব প্রস্তাব বাস্তবায়িত হলে আবাসন খাত আরও গতিশীল হবে, সাধারণ মানুষের জন্য বাসস্থান ক্রয় সহজ হবে এবং জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর