Monday 09 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাদি হত্যার আসামিদের কূটনৈতিক চ্যানেলে ফেরত আনা হবে: আইজিপি

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৬ ১৪:০৭ | আপডেট: ৯ মার্চ ২০২৬ ১৫:৪১

ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ ওসমান হাদি হত্যাকারীদের মধ্যে প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে ভারতের কোলকাতা পুলিশ গ্রেফতার করেছে। তাদের শিগগিরই দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন আইজিপি।

সোমবার্ (৯ মার্চ) সকাল ১১টার দিকে পুলিশ সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে এক প্রশ্নের জবাবে আইজিপি এ তথ্য জানান।

ভারতে ওসমান হাদির হত্যাকারীরা ধরা পড়েছে কবে নাগাদ তাদের ফেরত আনা হবে জানতে চাইলে পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির সাংবাদিকদের বলেন, শহিদ ওসমান হাদি হত্যার প্রধান আসামিদের ভারতের কোলকাতায় গ্রেফতার করা হয়েছে বলে জানতে পেরেছি। কূটনৈতিক চ্যানেলে পররাষ্ট্র মন্ত্রণালয় এটি নিয়ে কাজ করছে। উভয় দেশের সঙ্গে কথা বার্তা হচ্ছে। খুব শিগগিরই সেখান থেকে বিস্তারিত বিষয়ে জানতে পারবেন।

বিজ্ঞাপন

৭ মার্চের ভাষণ প্রচার কি নিষিদ্ধ? যদি তাই না হয় তাহলে ভাষণ প্রচারকারীদের কেন গ্রেফতার করা হলো জানতে চাইলে আইজিপি বলেন, মনে রাখতে হবে নিষিদ্ধ দলের লোকজন নানা ইস্যুতে সামনে আসার চেষ্টা করবে। আমরা সেটি হতে দেব না। পুলিশ অতি উৎসাহি কাজ করবে না তবে নাগরিকদেরও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। থানার সামনে গিয়ে কী করা যাবে আর কি করা যাবে না।

পুলিশ কি আগের মতোই দলীয়করণ নীতি আর অযোগ্যদের মূল্যায়ন ও পদায়ন করবে জানতে চাইলে আইজিপি বলেন, সৎ যোগ্য ও দক্ষ কর্মকর্তাদের পুলিশে মুল্যায়ন করা হবে। কেউ বঞ্চিত হবে না। আমি নিজেও জুলুমের শিকার হয়েছিলাম। দুর্নীতিবাজ কর্মকর্তাদের পুলিশ থেকে বিদায় করা হবে। মনে রাখতে হবে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।

পুলিশের পোশাক বদলানো বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, এটি নিয়ে কাজ করছে সরকার। সরকারই সঠিক সিদ্ধান্ত নেবে। বিষয়টি সরকার থেকেই জানতে পারবেন। তবে পোশাক পরিবর্তনের চেয়ে মানসিকতা পরিবর্তন জরুরি।

চাঁদাবাজদের বিষয়ে তিনি বলেন, দেশে সন্ত্রাসী ও চাঁদাবাজদের নির্মুল করা হবে। তালিকা হয়েছে। সেই অনুযায়ী আমরা অভিযান চালানো প্রস্তুতি নিয়েছি। আশা করি দেখতে পারবেন।

কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, এ বিষয়ে জিরো টলারেন্সে কাউকে ছাড় দেওয়া হবে না। সে যেই হোক।

মব নিয়ে জানতে চাইলে তিনি বলেন, মব নির্মুল করতেই হবে। আইন নিজের হাতে কেউ তুলে নেবেন না। যত বড় ক্ষমতাশালী হোক আর যে দলেরেই হোক মবকে প্রতিহত করা হবে।

সারাবাংলা/ইউজে/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর