Monday 09 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘অতি উৎসাহী মামলাবাজকে’ শোকজ করায় বিএনপিকে ধন্যবাদ জানালেন পাটওয়ারী

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৬ ০৮:২৯ | আপডেট: ৯ মার্চ ২০২৬ ১২:০৪

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

ঢাকা: অতি উৎসাহী মামলাবাজকে শোকজ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

রোববার (৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান।

স্ট্যাটাসে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘অতি উৎসাহী মামলাবাজকে শোকজ করার জন্য বিএনপিকে ধন্যবাদ। আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নিলাম। আশা করি ভবিষ্যতে এ ধরনের অযথা অশান্তির সৃষ্টি আর করা হবে না।’

একইসঙ্গে বরিশালে ইফতার মাহফিলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসকে নিয়ে দেওয়া বক্তব্যও প্রত্যাহার করে নেন তিনি। ভবিষ্যতে এ ধরনের হয়রানি মূলক মামলা না করার আহ্বানও জানিয়েছেন পাটওয়ারী।

বিজ্ঞাপন

উল্লেখ্য, দলের অনুমতি ছাড়া স্বপ্রণোদিত হয়ে এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় রমনা থানার সভাপতি মো. আশরাফুল ইসলামকে শোকজ করেছে বিএনপি। দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না ৪৮ ঘণ্টার মধ্যে তার লিখিত জবাবও চাওয়া হয়েছে। রোববার (৮ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক চিঠিতে এই জবাব চাওয়া হয়।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে রোববার আদালতে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন করেন বিএনপির রমনা থানার সভাপতি আশরাফুল ইসলাম। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত-এর আদালত মামলাটি গ্রহণ করে নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।

মামলার আবেদনে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটওয়ারী। নির্বাচনের সময় এবং ফল ঘোষণার পর বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়েছেন পাটওয়ারী।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর