Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: মির্জা ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৬ ১৩:৫৯ | আপডেট: ৮ মার্চ ২০২৬ ১৮:২৬

– ছবি : সারাবাংলা

ঢাকা: গুম হওয়া ব্যক্তিদের পরিবার ও সন্তানদের জন্য সরকারের পক্ষ থেকে ভাতা চালুর জন্য প্রধানমন্ত্রী বরাবর চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, যেসব পরিবার তাদের স্বজন হারিয়েছে তাদের সন্তানদের মানুষ করা, বেঁচে থাকা এবং সম্মানজনকভাবে জীবনযাপন নিশ্চিত করার জন্য এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই বিষয়টি তিনি নিজেই প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন।

রোববার (৮ মার্চ) বিশ্ব নারী দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে ‘মায়ের ডাক’ প্রামাণ্যচিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গুম হওয়া মানুষের পরিবারগুলো অত্যন্ত কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। তাদের সন্তানদের মানুষ করা, বেঁচে থাকা এবং ভালোভাবে জীবনযাপন করার জন্য এখন পর্যন্ত রাষ্ট্রের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

তিনি বলেন, তিনি ফিরে গিয়েই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখবেন এবং জানাবেন যে এসব পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে ভাতা দেওয়া অত্যন্ত জরুরি এবং ভবিষ্যতে এটি তাদের প্রাপ্য হওয়া উচিত।

তিনি বলেন, আজকে দেশে নির্বাচন হয়েছে, কেউ মন্ত্রী হয়েছে, কেউ সংসদ সদস্য হয়েছে, আবার অনেকেই বড় বড় চাকরিতে গেছেন। কিন্তু যাদের আত্মত্যাগের কারণে এই পরিবর্তন সম্ভব হয়েছে, তাদের সন্তানরা অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়ে আছে। অন্তত তাদের ভবিষ্যৎকে একটু সুন্দর করার চেষ্টা করা সবার দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, গুম হওয়া মানুষের পরিবারগুলো এখনও নানা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। তাই এখন সবার প্রধান দায়িত্ব হওয়া উচিত এসব পরিবারকে বাঁচিয়ে রাখা, তাদের সন্তানদের শিক্ষিত করে তোলা এবং তাদের নতুন করে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া।

তিনি আন্দোলন সংগ্রামের সময় সানজিদা তুলির ভূমিকার কথা উল্লেখ করে তাকে একজন সত্যিকারের নায়ক হিসেবে অভিহিত করে বলেন, কঠিন সময়ে তুলি এককভাবে সংগ্রাম চালিয়ে গেছেন এবং আন্তর্জাতিক পরিসরেও বিষয়টি তুলে ধরেছেন।

তিনি ‘মায়ের ডাক’ প্রামাণ্যচিত্র নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এই চলচ্চিত্রে যেন দেশের সংগ্রাম, আত্মত্যাগ এবং গণতন্ত্র অর্জনের ইতিহাস সঠিকভাবে প্রতিফলিত হয়।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের ইতিহাসে ভাষা আন্দোলনসহ অনেক জাতীয় সংগ্রাম হয়েছে, কিন্তু সেসব নিয়ে উচ্চমানের সাহিত্য ও শিল্পকর্ম খুব বেশি তৈরি হয়নি। তিনি আশা প্রকাশ করেন, সাম্প্রতিক সংগ্রাম ও আত্মত্যাগ নিয়ে যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে তা যেন আন্তর্জাতিক মানের হয় এবং বিশ্ব দরবারে বাংলাদেশের সংগ্রামের ইতিহাস তুলে ধরতে পারে।

তিনি আবেগঘন কণ্ঠে বলেন, আন্দোলনে নিখোঁজ বা নিহতদের অনেক সন্তানকে তিনি ছোটবেলা থেকে দেখেছেন। কেউ কেউ বাবাকে হারিয়ে বড় হয়েছে। এমন পরিস্থিতি যেন ভবিষ্যতে আর কোনো শিশুকে সহ্য করতে না হয়, সে জন্য সমাজ ও রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে।

বক্তব্যের শেষে তিনি ‘মায়ের ডাক’ প্রামাণ্যচিত্র নির্মাণের উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং প্রতিকূলতার মধ্যেও সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য সানজিদা তুলির প্রশংসা করেন। একই সঙ্গে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, আন্দোলনের সঙ্গে যুক্ত থেকেও সানজিদা তুলি নির্বাচনে জয়ী হতে পারেননি, যা তাদের জন্য একটি কষ্টের বিষয় এবং এটিকে তিনি সবার ব্যর্থতা ও জাতির লজ্জা বলেও উল্লেখ করেন।

সারাবাংলা/এফএন/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর